সূচকের মিশ্র প্রবণতা দুই পুঁজিবাজারে
সূচকের মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেনের গতি ভালো দুই পুঁজিবাজারে।
এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে দুই পুঁজিবাজারে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ১৩ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৮৩ পয়েন্টে। তবে লেনদেনের শুরুতে একপর্যায়ে ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্টের মতো কমে যায়। দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৯৬৪ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ১,১৭৫ কোটি ৩৯ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫ টির, কমেছে ১৭১ টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির।
গত দুই কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩৬ পয়েন্ট বেড়েছে। লেনদেন ছাড়িয়েছে ২ হাজার ১০০ কোটি টাকা। ঢাকার বাজারে সূচক, হাতবদল হওয়া শেয়ারের সংখ্যা ও বাজার মূলধন মিলিয়ে পাঁচটি রেকর্ড হয়েছে গতকাল সোমবার। প্রধান সূচক ডিএসইএক্স, বাছাই সূচক ডিএস-৩০, শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস তিনটি সূচকই গতকাল দিন শেষে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ১ দশমিক ১৫ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৫৪ কোটি ৭৯ লাখ টাকা। গতকাল দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৬৩ কোটি ৩০ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫ টির, কমেছে ১৪৫ টির। দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।