সূচকের মিশ্র প্রবণতা পুঁজিবাজারে
দরপতনের ধারায় সূচকের কিছুটা মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেনের গতি খুবই কম। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে। গতি কম লেনদেনও।
এ ছাড়া বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।
গত কার্যদিবস সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১২ দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করে ৫৩৫৬ পয়েন্টে। গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৪২ কোটি টাকা। যা চলতি বছরের মধ্যে এখন পর্যন্ত সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকার বাজারে সর্বনিম্ন ৩১৫ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৬১ পয়েন্টে। দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ১২২ কোটি ৬১ লাখ টাকা। লেনদেনে অংশ নিয়েছে ২৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১০৬টির। দর অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির।
অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ১৬ দশমিক ৯৭ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত সাড়ে ৭ কোটি টাকা। লেনদেনে অংশ নিয়েছে ১৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৫৬টির। দর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির।