সূচকের সকালের গতি দুপুরে মন্থর
বেশির ভাগ শেয়ারের দর কমার মধ্য দিয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবারের লেনদেন চলছে। এর ফলে সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বেলা একটায়, অর্থাৎ প্রথম আড়াই ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট কমে নেমে এসেছে ৫,২৮৯ পয়েন্টে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সূচকের নেতিবাচক অবস্থানের পেছনে বড় ভূমিকা রাখছে ব্যাংক খাতের শেয়ার। সূচকে খাতটির প্রভাব বেশি বলেই ব্যাংকের শেয়ারের দামের ওঠা-নামা সূচকে প্রভাব ফেলে।
আজ বেলা একটা পর্যন্ত লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে ২৫টির দাম কমেছে। বেড়েছে একটির। অপরিবর্তিত ছিল চারটির দাম। এ ছাড়া ব্যাংক খাতসহ বাজারে লেনদেন হওয়া সব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দাম কমেছে, বেড়েছে ১১৪টির। অপরিবর্তিত ছিল ৩৫টির দাম।
যদিও ঢাকার বাজারে সূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয়েছিল। শুরুতে অধিকাংশ শেয়ারের দর বৃদ্ধি পাওয়ায় লেনদেন শুরুর মাত্র ১০ মিনিটের ব্যবধানে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়েছিল। এরপর থেকে সূচকের নিম্নমুখী প্রবণতা শুরু হয়। শেয়ারবাজারে প্রতিদিন সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে একটানা তা বেলা আড়াইটা পর্যন্ত চলে।
সূচকের নিম্নমুখী প্রবণতা থাকলেও লেনদেনের অবস্থা আগের দিনের মতো ছিল। প্রথম আড়াই ঘণ্টায় ডিএসইতে ৬৫৩ কোটি টাকার লেনদেন হয়েছে। গতকাল সোমবার দিন শেষে যেখানে লেনদেনের পরিমাণ ছিল প্রায় এক হাজার আট কোটি টাকা।