সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও
টানা দরপতনের পর দেশের শেয়ারবাজারে একটু একটু করে গতি ফিরতে শুরু করেছে। এর ফলে বাড়ছে সূচক। সেই সঙ্গে লেনদেনের পরিমাণও।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল বুধবার প্রায় ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৪ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ১২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৪২ পয়েন্টে।
এদিকে পাঁচ কার্যদিবস পর গতকাল ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ আবারও ৩৫০ কোটি টাকা ছাড়িয়েছে। আর চট্টগ্রামের বাজারে ছয় কার্যদিবস পর তা ২০ কোটি টাকা ছাড়িয়েছে।
বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক মার্চেন্ট ব্যাংকের একজন প্রধান নির্বাহী প্রথম আলোকে বলেন, বাজারের সূচক অনেক কমে যাওয়ার পর স্বাভাবিক নিয়মে গত দুই দিনে কিছুটা বেড়েছে। এ বৃদ্ধি অস্বাভাবিক কিছু না। তবে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশিত গতিতে নেই বাজার। বর্তমান বাজারে বেশির ভাগ বিনিয়োগকারী লাভের মুখ দেখছেন না। ফলে একপর্যায়ে নিরাশ হয়ে অনেকে বাজার ছেড়ে যাচ্ছেন। আবার নতুন করে বিনিয়োগও আসছে না।
মার্চেন্ট ব্যাংকের ওই প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, চলতি বছরের মধ্যে এখন পর্যন্ত শেয়ারবাজারের সূচক গত বছরের চেয়ে ৬ থেকে ৭ শতাংশ কম। এ অবস্থায় বাজারের ওপর ভরসা রাখতে পারছেন না বিনিয়োগকারীরা।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের গতকালের বাজার প্রতিবেদনে বলা হয়েছে, এদিন লেনদেনে নেতৃত্ব দিয়েছে বিদ্যুৎ-জ্বালানি এবং ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলো। ঢাকার বাজারে মোট লেনদেনের প্রায় ৩৩ শতাংশই ছিল এ দুই খাতের। এর মধ্যে বিদ্যুৎ-জ্বালানি খাতের কোম্পানিগুলো মোট লেনদেনের প্রায় ১৮ শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলো মোট লেনদেনের ১৫ শতাংশ দখলে রেখেছে।
ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৬১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫৯ কোটি টাকা বেশি। ১০ মের পর গতকাল ডিএসইতে লেনদেন আবারও ৩৫০ কোটি টাকা ছাড়াল। এদিন ডিএসইতে ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৯৬টিরই দাম বেড়েছে, কমেছে ৮২টির আর অপরিবর্তিত ছিল ৪১টির দাম।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ বা সাড়ে ৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা ৮০ পয়সায়। দিন শেষে কোম্পানিটির প্রায় ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
চট্টগ্রামের বাজারে বুধবার লেনদেন হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৬১টির দাম বেড়েছে, কমেছে ৫৬টির আর অপরিবর্তিত ছিল ২৩টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি।