সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও
টানা দ্বিতীয় দিনের মতো আজ বৃহস্পতিবারও ইতিবাচক ধারা অব্যাহত ছিল শেয়ারবাজারে। দিনের মাঝখানে নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও দিন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল বুধবারের চেয়ে ১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৫ পয়েন্ট। অন্যদিকে ৭ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০১ পয়েন্ট।
সকালে সূচকের ইতিবাচক প্রবণতায় দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হলেও কয়েক মিনিট পর থেকে লেনদেনে নেতিবাচক প্রবণতা শুরু হয়। কয়েক দফা ওঠানামার পর দুপুর সাড়ে ১২টার পর থেকে ইতিবাচক ধারায় চলতে থাকে লেনদেন।
দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে আজ হাতবদল হয়েছে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ১৭৪ টির দাম বেড়েছে। কমেছে ৯৫ টির আর অপরিবর্তিত ছিল ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এদিন লেনদেন হয়েছে ৪৯৮ কেটি টাকা, যা গতকালের চেয়ে প্রায় ১৫০ কোটি টাকা বেশি।
অন্যদিকে সিএসইতে আজ লেনদেন হয়েছে ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ১২৬ টির দাম বেড়েছে। কমেছে ৯৩ টির, আর অপরিবর্তিত ছিল ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ লেনদেন হয়েছে ৩৮ কোটি ৭১ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ১০ কোটি ৪২ লাখ টাকা বেশি।
দুই শেয়ারবাজারে আজ লেনদেনের শীর্ষে ছিল আমান ফিড।