সূচকের সামান্য পতন
ব্যাংকের বিনিয়োগ-সীমা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নীতি পদক্ষেপ ঘোষণার পর গত মঙ্গলবার শেয়ারবাজারে বড় ধরনের মূল্যসূচক বাড়লেও গতকাল বুধবার তা আবার পড়ে গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক গতকাল ১৩ দশমিক ৯৮ পয়েন্ট ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক ১২ দশমিক ৪৭ পয়েন্ট কমেছে। ডিএসইতে মঙ্গলবার একই সূচক ১০০ দশমিক ৭৭ পয়েন্ট ও সিএসইতে ২০০ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারে ব্যাংকের ধারণ করা শেয়ার ও সহযোগী কোম্পানিকে দেওয়া ঋণ সহযোগী কোম্পানির মূলধনে রূপান্তরের সুযোগ করে দেবে বলে গত সোমবার ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
সূচকের পাশাপাশি ডিএসইতে গতকাল লেনদেনও কিছুটা কম হয়েছে। মঙ্গলবার এ বাজারে লেনদেন হয়েছিল ৪০৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার, আর গতকাল হয়েছে ৪০০ কোটি ৭৭ লাখ।
আর সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ২৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিন ছিল ২৩ কোটি ১৯ লাখ টাকার লেনদেন।
ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৯৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টির।
এদিকে সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে গতকাল দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৩৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টির।
ডিএসইতে গতকাল সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিএসআরএম লিমিটেডের শেয়ার। এরপরের অবস্থানে ছিল লিন্ডে বিডি, বিএসআরএম স্টিল, এমজেএল, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, লঙ্কাবাংলা ফাইন্যান্স এবং ডরিন পাওয়ারের শেয়ার।