স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে পরিবর্তন
মেয়াদপূর্তির পর দেশের দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ একাংশ পুনর্গঠন করা হয়েছে। স্টক এক্সচেঞ্জ দুটির সাতজন করে মোট ১৪ জন স্বতন্ত্র পরিচালক পদে পুরোনোদের পাশাপাশি বেশ কয়েকজনকে নতুন করে নিয়োগ দিয়ে এ পুনর্গঠন করা হয়।
আজ রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ অনুমোদন করা হয়। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাতজন স্বতন্ত্র পরিচালক পদে আগের পাঁচজনকেই বহাল রাখা হয়েছে। তাঁরা হলেন-বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, মনোয়ারা হাকিম আলী, আবুল হাশেম, ওয়ালিউল ইসলাম, মো. কায়কোবাদ। আগের স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে বাদ পড়েছেন রুহুল আমিন ও ব্রিগেডিয়ার জেনারেল এমডি মজিবুর রহমান। তাঁদের স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক মাসুদুর রহমান ও ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মনসুর মো. আশরাফ খান।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাত স্বতন্ত্র পরিচালক পদে আগের তিনজনকে বহাল রাখা হয়েছে। তাঁরা হলেন-অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ আইয়ুব ইসলাম, মইনুল ইসলাম মাহমুদ। এ ছাড়া নতুন করে যে চারজন পর্ষদে যুক্ত হয়েছেন তাঁরা হলেন-অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই ও সাবেক কূটনীতিক এ কে আবদুল মোমেন, মেজর জেনারেল মোহাম্মদ শামীম চৌধুরী, এস এম সালামত উল্লাহ ভূঁইয়া। সিএসইর স্বতন্ত্র পরিচালক পদ থেকে বাদ পড়েছেন বর্তমান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা (ডিমিউচুয়ালাইজেশন) হওয়ার পর পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকদের সংখ্যাগরিষ্ঠ করা হয়। ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, নির্বাচিত স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে স্টক এক্সচেঞ্জের সভাপতি নির্বাচন করা হয়। স্বতন্ত্র পরিচালকদের মেয়াদকাল তিন বছর। ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী গঠিত প্রথম পর্ষদে নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকদের মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন করে শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হয়।