স্পটে ৪৯ কোম্পানি, লেনদেনের ৯ শতাংশ
দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার স্পট মার্কেটে ৪৯ কোম্পানির লেনদেন হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দিন শেষে যে পরিমাণ লেনদেন হয়েছে তার প্রায় ৯ শতাংশই ছিল এই ৪৯ কোম্পানির।
শেয়ারের মালিকানা নির্ধারণের জন্য ঘোষিত রেকর্ড ডেটের আগে লেনদেনের জন্য প্রায় অর্ধশতাধিক কোম্পানিকে স্পট মার্কেটে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে ৩০ কোম্পানির রেকর্ড ডেট আগামীকাল বৃহস্পতিবার, এদিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।
এ ছাড়া স্পটে থাকা ৪৯ কোম্পানির মধ্যে ৫টির আজ রেকর্ড ডেট। তাই আজ বুধবার কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে। কোম্পানি ৫টি হলো নর্দার্ন, গোল্ডেনসন, সাইফ পাওয়ার, অলটেক্স ও মিরাকল ইন্ডাস্ট্রিজ।
নিয়ম অনুযায়ী, দুর্বল মৌলভিত্তির ‘জেড’ শ্রেণিভুক্ত কোম্পানি বাদে অন্য সব শ্রেণির কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে ২ দিন স্পট মার্কেটে লেনদেন হয়। আর ‘জেড’ শ্রেণির কোম্পানির শেয়ারের বেলায় এ সময় ৯ দিন। শেয়ারের লেনদেন নিষ্পত্তির সুবিধার্থে এ স্পট মার্কেট ব্যবস্থাটি রাখা হয়েছে। মূলত রেকর্ড ডেটের আগে নির্ধারিত সময়ের জন্য সাধারণ বাজার থেকে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে স্পট মার্কেটে স্থানান্তর করা হয়। যাতে রেকর্ড ডেটের দিনে শেয়ারের মালিকানা নির্ধারণ নিয়ে কোনো ধরনের জটিলতা দেখা না দেয়।
এদিকে গতকাল স্পট মার্কেটে লেনদেন হওয়া ৪৯ কোম্পানির মধ্যে ৩১টিরই দাম কমেছে। যার কিছুটা প্রভাব সূচকেও পড়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গণনায় ২৩৫টি কোম্পানিকে হিসাবে ধরা হয়। গতকাল স্পট মার্কেটে লেনদেন হওয়া ৪৯ কোম্পানির মধ্যে ৩৮টিই ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত। স্পটে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমার পরও গতকাল দিন শেষে ডিএসইএক্স প্রায় ২০ পয়েন্ট বেড়েছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাধারণত স্পট মার্কেটে প্রথম দিনে শেয়ারের বিক্রির চাপ বেশি থাকে। যেসব বিনিয়োগকারী লভ্যাংশের সুবিধা নিতে চান না তাঁরা স্পটের প্রথম দিনেই শেয়ার বিক্রি করে দেন। বিশেষ করে যেসব কোম্পানি নগদ লভ্যাংশ ঘোষণা করে সেসব কোম্পানির বেলায় এ ঘটনা বেশি ঘটে।
এর কারণ সম্পর্কে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন মোহাম্মদ মুসা গত সোমবার বলেন, যেসব বিনিয়োগকারী উচ্চহারে কর দেন তাঁদের জন্য নগদ লভ্যাংশের সুবিধা গ্রহণ করাটা খানিকটা লোকসানের। কারণ, নগদ লভ্যাংশ থেকে আগাম কর কেটে নেওয়া হয়।
ডিএসইর হিসাবে, গতকালের বাজারে মোট লেনদেনের প্রায় ৯ শতাংশ লেনদেনই হয়েছে স্পট মার্কেটে। এ বাজারে ৪৯ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৫৭ কোটি টাকা। আর বাজারের মোট লেনদেনের পরিমাণ ছিল ৬৪৭ কোটি টাকা।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় সাড়ে ৩৩ কোটি টাকার লেনদেন হয়। তবে দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ২২ টাকা ৬০ পয়সা কমে দাঁড়িয়েছে প্রায় ২৪৮ টাকায়। লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল শাশা ডেনিমস। এদিন কোম্পানিটির প্রায় ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ২ টাকা কমে দাঁড়িয়েছে ৫৯ টাকা ৪০ পয়সায়।
দরবৃদ্ধির দিক থেকে মঙ্গলবার ঢাকার বাজারে শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১০ শতাংশ বা সাড়ে ৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ টাকা ৫০ পয়সায়। মূলত আয় বাড়ার কারণেই শেয়ারের দামে এ প্রভাব পড়ে। গতকাল কোম্পানিটি তাদের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। তাতে উল্লেখিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ১৭ পয়সা, আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৩ পয়সা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৩৩ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির দাম বেড়েছে, কমেছে ৯২টির আর অপরিবর্তিত ছিল ৩৪টির দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৪০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা কম।