স্বল্প মূলধনি কোম্পানির দাপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল রোববার মূল্যবৃদ্ধিতে দাপুটে অবস্থানে ছিল স্বল্প মূলধনি কোম্পানির শেয়ার। যদিও বাজারের সূচকে এসব কোম্পানির তেমন কোনো প্রভাব নেই।

সূচকে প্রভাব ফেলে এমন কোম্পানির শেয়ারের দাম খুব বেশি না বাড়ায় গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। তবে এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনে বেশ গতি ছিল।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় দেড় পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫৫ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০২ পয়েন্টে।

ডিএসইতে গতকাল মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বিডি অটোকারস। পৌনে ৪ কোটি টাকা মূলধনের এ কোম্পানির প্রতিটি শেয়ারের দাম গতকাল প্রায় ৮ টাকা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৭ টাকা ৯০ পয়সায়। ১৯৭৯ সালে যাত্রা শুরু করা এ কোম্পানি ত্রি-হুইলার অটোটেম্পো গাড়ি উৎপাদন করত। ১৯৯৯ সালে এসে সেটি বন্ধ হয়ে যায়। বর্তমানে কোম্পানিটি সিএনজি রূপান্তর কারখানা ও ফিলিং স্টেশন ব্যবসার সঙ্গে জড়িত। তবে কোম্পানিটির আর্থিক ভিত্তি বেশ দুর্বল। তা সত্ত্বেও কোম্পানিটির শেয়ারের দামে গতকাল বড় উল্লম্ফন দেখা যায়।

ঢাকার বাজারে মূল্যবৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে ছিল রূপালী ব্যাংক। পরিচালন মুনাফায় বড় ধরনের উল্লম্ফনের খবরে গতকাল কোম্পানিটির শেয়ারের দামেরও বড় উল্লম্ফন ঘটে। এদিন রূপালী ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম ২ টাকা ৭০ পয়সা বা পৌনে ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৫০ পয়সায়।

মূল্যবৃদ্ধিতে তৃতীয় অবস্থানে থাকা ফু-ওয়াং ফুডের প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ১০ পয়সা বা প্রায় ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ২০ পয়সা। প্রায় ৯২ কোটি টাকা মূলধনের এ কোম্পানির শেয়ারের সিংহভাগই সাধারণ বিনিয়োগকারীদের হাতে। কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫ শতাংশের মতো শেয়ার।

এদিকে দিন শেষে গতকাল ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৮৫৫ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৫৪ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৩ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ২৮ কোটি টাকা বেশি।

বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির আর্থিক বছর শেষ হয়েছে জুনে। সামনে এসব কোম্পানির লভ্যাংশের ঘোষণা আসবে। তাই ভালো লভ্যাংশ প্রাপ্তির আশায় অনেকে শেয়ারবাজারের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। এ ছাড়া ব্যাংক সুদের হার নিম্ন পর্যায়ে থাকায় বেশি সম্পদশালীদের একটি অংশও বিনিয়োগের জন্য শেয়ারবাজারকে বিকল্প হিসেবে বেছে নিয়েছে।