হঠাৎ বেশ সরব শেয়ারবাজারের 'ব্লক মার্কেট'
হঠাৎ করে শেয়ারবাজারে ‘ব্লক মার্কেট’ বেশ সরব হয়ে উঠেছে। কয়েক দিন ধরে এ মার্কেটে লেনদেন বেড়ে গেছে। গতকাল মঙ্গলবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯ কোম্পানির প্রায় ৯৫ কোটি টাকার লেনদেন হয়। আগের দিন সোমবারও ডিএসইতে ব্লক মার্কেটে ২১ কোম্পানির প্রায় ১০৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
সাধারণ বাজারের চেয়ে ব্লক মার্কেটের মধ্যে তফাত হলো, ব্লক মার্কেটে ক্রেতা-বিক্রেতা আগে থেকেই ঠিক করা থাকে। এমনকি ক্রেতা-বিক্রেতা মিলে শেয়ারের দামও আগে থেকে ঠিক করে নেন।
হঠাৎ করে ব্লক মার্কেটে লেনদেন বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বেশ কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নিজেদের মধ্যে শেয়ারের হাতবদল করছে। জুন মাসে আর্থিক বছর শেষে প্রতিষ্ঠানের ফান্ডের আয় বা মুনাফা বাড়িয়ে দেখাতে এ কৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে।
জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, জুন মাসে অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর আর্থিক বছর শেষ হবে। বছর শেষে যাতে প্রতিষ্ঠানগুলো ভালো আয় ও মুনাফা দেখাতে পারে, সে জন্য নিজেদের মধ্যে শেয়ারের হাতবদল করে থাকে। অতীতে দেখেছি এক মিউচুয়াল ফান্ডের শেয়ার অন্য মিউচুয়াল ফান্ডের মধ্যে লেনদেন করা হয়। ক্রেতা-বিক্রেতা দুই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান থাকে একই।
শাকিল রিজভী বলেন, সাধারণত ব্লক মার্কেটে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ থাকে না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই এ মার্কেটে বেশি লেনদেন করে থাকে। জুন মাস ও ঈদের ছুটি মিলিয়ে আর মাত্র দুই দিন লেনদেন বাকি। এ কারণে শেষ দিকে এসে ব্লক মার্কেটে লেনদেন বেড়েছে।
এদিকে শেয়ারবাজারের লেনদেন ও সূচক গতকাল দিন শেষেও ঊর্ধ্বমুখী ছিল। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট বেড়ে আবারও সাড়ে ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। গত ৮ মের পর এটিই ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান। সূচকের পাশাপাশি গতকাল লেনদেনও বেড়েছে ঢাকার বাজারে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৪৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১০৪ কোটি টাকা বেশি। ১৭ মের পর এটিই ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল ১২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৭ হাজার ৭৯ পয়েন্টে। দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৪৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি টাকা কম।