হঠাৎ লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার হঠাৎ করে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। এদিন ডিএসইতে কোম্পানিটির ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৮০ পয়সা বা ১ দশমিক ৩৩ শতাংশ।
হঠাৎ করে ব্যাংক খাতের এই কোম্পানির লেনদেনের শীর্ষে উঠে আসার সুনির্দিষ্ট কোনো কারণ বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাতে পারেননি।
এদিকে গত মঙ্গলবার ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। যদিও আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবে গত ২৫ অক্টোবর তা স্টক এক্সচেঞ্জকে জানানো হয়। ব্র্যাক ব্যাংক গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বেশ ভালো মুনাফা প্রবৃদ্ধি হয়েছে কোম্পানিটির।
মুনাফার তথ্য গত ২৫ অক্টোবর প্রকাশের পরপরই ওই দিন বাজারে কোম্পানিটির শেয়ারের দাম বাড়ে। এরপর টানা চার কার্যদিবস দরপতন ঘটে। কিন্তু হঠাৎ করে গতকাল আবারও শেয়ারের দাম ও লেনদেনে গতি সঞ্চার হয়।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দামের মতো দেশের দুই স্টক এক্সচেঞ্জের লেনদেনেও বুধবার কিছুটা গতি ফিরতে দেখা গেছে। এ কারণে দিন শেষে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের চেয়ে বেশি ছিল। দুই বাজারে বেড়েছে মূল্যসূচকও। এর আগে কয়েক দিন সূচক ও লেনদেনে ধীর গতি ছিল উভয় বাজারে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৫৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৮০ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৩০ পয়েন্টে। দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল সাড়ে ২৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের গতকালের প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে, যার প্রতিফলন ঘটেছে লেনদেনে। আর এই লেনদেনে আধিপত্য ছিল প্রকৌশল ও বস্ত্র খাতের। ডিএসইর মোট লেনদেনের প্রায় ২৭ শতাংশই ছিল এই দুই খাতের। এ ছাড়া এদিন ব্যাংক-বহির্ভূত আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম গড়ে ২ শতাংশ, জীবনবিমা খাতের কোম্পানির শেয়ারের প্রায় দেড় শতাংশ ও সিরামিকস খাতের শেয়ারের দাম গড়ে ১ দশমিক ২ শতাংশ করে বেড়েছে।
এদিকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের পরও বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার
লেনদেন ও দরবৃদ্ধিতে আধিপত্য ধরে রেখেছে। গতকালও ডিএসইতে লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল কোম্পানিটি। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৬০ পয়সা বা ১ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে।
তবে গতকাল ঢাকার বাজারে মূল্যবৃদ্ধিতে শীর্ষে ছিল পেনিনসুলা চট্টগ্রাম। চট্টগ্রামের জিইসির মোড়ে অবস্থিত এই হোটেলের প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৭০ পয়সা বা ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ৩০ পয়সায়।