হাজার কোটি টাকা ছাড়াল ডিএসইর লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবার হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতার ধারাবাহিকতায় গতকাল সোমবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২ কোটি টাকা। গত প্রায় আট মাসের ব্যবধানে ও চলতি বছরের মধ্যেও এখন পর্যন্ত এটাই ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত বছরের ১৪ অক্টোবর ডিএসইতে ১ হাজার ৯৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ঢাকার বাজারে লেনদেন বাড়লেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে সূচক বেড়েছে দুই বাজারেই।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মেয়াদি আমানতের সুদহার কমানোর উদ্যোগের মধ্যেই গতকাল ঢাকার বাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। গতকাল থেকে সোনালী, অগ্রণী, জনতা, রূপালীসহ রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক মেয়াদি আমানতের সুদহার শূন্য দশমিক ৫০ শতাংশ (১০০ টাকায় ৫০ পয়সা) কমানোর ঘোষণা দেয়। এর আগে সরকার পাঁচ ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার ২ শতাংশ পর্যন্ত কমিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, সঞ্চয়পত্রের মুনাফা ও ব্যাংকগুলোর সুদহার কমানোর ফলে এই দুই খাত থেকে কিছু অর্থ অতিরিক্ত লাভের আশায় শেয়ারবাজারে স্থানান্তরিত হবে।
এ প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম গত রোববার প্রথম আলোকে বলেন, ‘শেয়ারবাজারে এমন অনেক ভালো মৌলভিত্তির শেয়ার রয়েছে, যেগুলোর বছর শেষে লভ্যাংশের পরিমাণ ব্যাংকের বর্তমান আমানতের সুদহারের তুলনায় বেশি।’
এদিকে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও তালিকাভুক্ত কোম্পানির প্রাতিষ্ঠানিক করহার কমানো হবে—এমন খবরও বেশ কয়েক দিন ধরে বাজারে রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে এ ধরনের খবরও প্রকাশিত হয়। তাতে বাজারে একধরনের ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট লোকজন।
জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, বাজেটকে সামনে রেখে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের ইতিবাচক প্রত্যাশা আছে। পাশাপাশি সঞ্চয়পত্রের মুনাফা ও ব্যাংকের আমানতের সুদহার কমেছে। এতে করেও কিছু টাকা শেয়ারবাজারে স্থানান্তরিত হবে। এসব বিষয় মিলিয়ে বাজারে কিছু ইতিবাচক ধারা রয়েছে। নতুন করে বিনিয়োগকারীরা আশাবাদী ও সক্রিয় হয়েছেন বাজারে।
প্রাতিষ্ঠানিক বা করপোরেট কর কমবে—এমন খবরে গতকাল ডিএসইতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে। এই বাজারে লেনদেন হওয়া ৩০ ব্যাংকের মধ্যে ২৬টিরই দাম বেড়েছে, কমেছে মাত্র ১টির আর অপরিবর্তিত ছিল ৩টির। লেনদেন হওয়া ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১৬টিরই দাম বেড়েছে, কমেছে মাত্র ২টির আর অপরিবর্তিত ছিল ৫টির।
তবে বাজারের এই ইতিবাচক ধারাকে কেন্দ্র করে বেশ কিছু কোম্পানির শেয়ার নিয়ে বিভিন্ন ধরনের গুজবও রয়েছে। এসব গুজবকে কেন্দ্র করে দুর্বল ভিত্তির কোম্পানির শেয়ারের দামও বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬২৩ পয়েন্টে। এই বাজারে ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১১৬টির আর অপরিবর্তিত ছিল ৪৮টির। আগের দিনের চেয়ে এদিন প্রায় ২১৪ কোটি টাকার বেশি লেনদেন হয়।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৫২ পয়েন্টে। এই বাজারে এদিন ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৯১টির আর অপরিবর্তিত ছিল ৩১টির। দিন শেষে চট্টগ্রামের বাজারে ৭৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৮ কোটি টাকা কম। রোববার সিএসইতে ৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে ছিল খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ১০২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।