হাজার কোটি টাকা ছাড়াল ডিএসইর লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে। সেই সঙ্গে গতকালের চেয়ে লেনদেন বেড়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসইর লেনদেন আজ এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
বাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি সঞ্চয়পত্রে সুদের হার কমানো হয়েছে। এ ছাড়াও মেয়াদি আমানতেও সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। সঞ্চয়পত্র ও আমানতে সুদের হার কমানোর কারণে অনেক বিনিয়োগকারী নতুন করে শেয়ারবাজারে সক্রিয় হয়েছেন। এ কারণে বাজারে অর্থপ্রবাহ বেড়ে যাওয়ায় লেনদেনেও তার ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ১,০০২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকাল রোববারের চেয়ে ২১৪ কোটি টাকা বেশি। গতকাল ডিএসইতে ৭৮৮ কোটি টাকার লেনদেন হয়। এর আগে গত বছরের ১৪ অক্টোবর ডিএসইতে ১,০৯৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। ১৪ অক্টোবরের পর এটাই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন।
এ দিকে লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে ডিএসইতে। আজকের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬২৩ পয়েন্টে।
অপর স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আজ ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৫২ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৫ টির দাম বেড়েছে। কমেছে ১১৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

অন্যদিকে সিএসইতে ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৯ টির দাম বেড়েছে। কমেছে ৯১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৭৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৮ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে কেপিসিএল। আজ প্রতিষ্ঠানটির ১০২ কোটি টাকার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সামিট পাওয়ার, গ্রামীণ ফোন, বেক্সিমকো, সাইফ পাওয়ারটেক, বারাকা পাওয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, এমজেএল বিডি প্রভৃতি।