হামিদ ফেব্রিক্সের চাঁদা গ্রহণ শুরু রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে প্রথমবারের মতো ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী রোববার থেকে হামিদ ফেব্রিক্সের আইপিওর মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ প্রক্রিয়া শুরু হবে। দেশীয় বিনিয়োগকারীরা ২ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির আইপিও শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। আর প্রবাসীদের জন্য এ সুযোগ থাকছে ১১ অক্টোবর পর্যন্ত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত ২৪৭টি ব্রোকারেজ হাউস ও ৩৭টি মার্চেন্ট ব্যাংক মিলিয়ে সর্বমোট ২৮৪টি প্রতিষ্ঠানের গ্রাহকেরা এ সুবিধা পাবেন। প্রতিষ্ঠানগুলোর তালিকা ডিএসই, সিএসই ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এসব প্রতিষ্ঠানে যাঁদের বিও (বেনিফিশারি ওনার্স) হিসাব রয়েছে, কেবল তারাই নিজ নিজ ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে হামিদ ফেব্রিক্সের আইপিও আবেদন করতে পারবেন। ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের পাশাপাশি আগের নিয়মে ব্যাংকের মাধ্যমেও আগ্রহীদের আবেদনের সুযোগটি বহাল থাকবে।

জানা গেছে, প্রথমবারের মতো আইপিও আবেদন জমা নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো। ছাপানো হয়েছে আবেদনপত্র। বিনিয়োগকারীরা সশরীরে ব্রোকারেজ হাউসে গিয়ে ওই আবেদনপত্র পূরণ করতে পারবেন। তবে আইপিওর আবেদনের জন্য প্রয়োজনীয় নগদ অর্থ আবেদনকারীর বিও হিসাবে থাকতে হবে।

এ ছাড়া কোনো বিনিয়োগকারী সশরীরে না গিয়ে খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইলের মাধ্যমেও ব্রোকারেজ হাউসকে আবেদনের নির্দেশনা দিতে পারবেন।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা প্রথম আলোকে বলেন, সরাসরি ব্রোকারেজ হাউসে হাজির হয়ে অথবা ইলেকট্রনিক পদ্ধতির (এসএমএস, ই-মেইল) মাধ্যমেও আগ্রহীরা নিজ নিজ ব্রোকারেজ হাউসকে নির্দেশনা দিতে পারবেন। ওই নির্দেশনার ভিত্তিতে ব্রোকারেজ হাউস চূড়ান্তভাবে তা পরিপালন করবে।

১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে হামিদ ফেব্রিক্সের আইপিওতে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারিত হয়েছে ৩৫ টাকা। ২০০ শেয়ার নিয়ে গঠিত কোম্পানিটির বাজারগুচ্ছ বা মার্কেট লট। সেই হিসাবে কোম্পানিটির এক লট শেয়ারের জন্য একজন আবেদনকারীর সাত হাজার টাকা লাগবে।

ধরা যাক, ‘ক’ নামের এক ব্রোকারেজ হাউসে একজন বিনিয়োগকারীর একটি বিও হিসাব রয়েছে। এখন তিনি ‘ক’ ব্রোকারেজ হাউসের মাধ্যমে হামিদ ফেব্রিক্সের আইপিও আবেদন করতে চান। তাহলে প্রথমেই ওই বিনিয়োগকারীকে তাঁর বিও হিসাবে নগদ সাত হাজার টাকা জমা দিতে হবে। অথবা আগে থেকেই তাঁর বিও হিসাবে যদি সাত হাজার টাকা থেকে থাকে, তাহলে তিনি এসএমএস বা ই-মেইলের মাধ্যমে ‘ক’ ব্রোকারেজ হাউসকে হামিদ ফেব্রিক্সের আইপিওতে আবেদনের জন্য নির্দেশনা দিতে পারবেন। অথবা সশরীরে গিয়ে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করেও এই নির্দেশনা দিতে পারবেন আগ্রহী বিনিয়োগকারী।

নির্ধারিত সময়ে সব আবেদনপত্র জমার পর গ্রাহকদের সমুদয় অর্থ আলাদা একটি হিসাবে স্থানান্তর করতে হ​েব ব্রোকারেজ হাউসকে। আইপিও আবেদনের লটারি পর্যন্ত সব টাকা ওই হিসাবে জমা থাকবে। যাঁরা আইপিও শেয়ার পাবেন না তাঁদের টাকা বিও হিসাবে জমা করতে হবে।

পরীক্ষামূলকভাবে এবার ব্রোকারেজ হাউসের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হলেও আগামীতে সেটিকে স্থায়ী রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। কমিশন মনে করছে, এটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে আইপিও প্রক্রিয়ার সময়সীমা অনেক কমিয়ে আনা যাবে।