দেশে এখন স্বল্প পরিসরে অভ্যন্তরীণ ফ্যাক্টরিং ব্যবস্থা চালু আছে। তবে উন্নত দেশগুলো ব্যবসার খরচ কমাতে ব্যাপকভাবে এর ব্যবহার হয়। এ পদ্ধতি আমদানিকারকদের হয়রানির হাত থেকে রক্ষা করবে এবং ব্যয় কমাবে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাক্টরিং: এলসির বিকল্প পন্থা’ শীর্ষক গোলটেবিলে বক্তারা এ কথা বলেছেন। মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে গতকাল এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, ২০১২ সালে বাংলাদেশের আন্তর্জাতিক ফ্যাক্টরিংয়ের পরিমাণ ছিল দুই কোটি ৪১ লাখ ইউরো।
ফ্যাক্টরিং হলো এমন একটি আর্থিক প্রক্রিয়া, যেখানে কোনো প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহের আগেই তৃতীয় পক্ষের কাছ থেকে পণ্যমূল্যের বড় অংশ আগাম গ্রহণ করে। আর সরবরাহ শেষ হলে বাকি অর্থ পরিশোধ করা হয়। এ জন্য তৃতীয় পক্ষ একটি কমিশন পায়। এই তৃতীয় পক্ষই ফ্যাক্টর নামে পরিচিত।
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম অভ্যন্তরীণ ফ্যাক্টরিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। তাঁর মতে, এর মাধ্যমে আন্তর্জাতিক ফ্যাক্টরিং ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে সমস্যাগুলো
চিহ্নিত এবং তা নিরসন করা সম্ভব হবে।
বিশেষ অতিথি বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, উন্নত দেশগুলো নিজেদের ব্যবসার ব্যয় কমাতে ব্যাপকভাবে ফ্যাক্টরিংয়ের ব্যবহার করে থাকে।
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খানসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন। বক্তারা ফ্যাক্টরিংবিষয়ক নীতিমালা প্রণয়নে বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ব্যবস্থা কার্যকর করতে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করেন।