১২০–এর পর ১২০
শেয়ারবাজারে এক দিনে ১২০ পয়েন্ট সূচক কমার পরদিনই বাড়ল ১২০ পয়েন্ট। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২০ পয়েন্ট আবার ৭ হাজার পয়েন্টের ওপরে উঠে এসেছে। প্রধান সূচকটি এখন অবস্থান করছে ৭ হাজার ৫ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৭৫ পয়েন্ট।
এর আগে গত ১০ কার্যদিবসের মধ্যে ৯ দিনই সূচক কমেছে ডিএসইতে। এই ৯ দিনে ডিএসইএক্স সূচকটি কমেছে ৪৮৩ পয়েন্ট বা সাড়ে ৬ শতাংশ। কেবল গতকাল সোমবার সূচকটি হারায় ১২০ পয়েন্ট বা পৌনে ২ শতাংশ। তবে আজ আবার বড় উত্থান দেখল শেয়ারবাজার।
ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ১ হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ টাকার, যা গতকালের চেয়ে কিছুটা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৭০ কোটি ৪৩ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ৩৪০টির, কমেছে ২২টির, অপরিবর্তিত আছে ১৪টির দর।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, ডেলটা লাইফ, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, জেনেক্স ইনফয়েস লিমিটেড, বিএটিবিসি, আইএফআইসি, সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো কেডি এক্সেসরিজ, অ্যাকটিভ ফাইন, ডমিনেজ স্টিল বিল্ডিং অ্যান্ড সিস্টেম লিমিটেড, নুরানি, অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড, ইয়াকিন পলিমার লিমিটেড, এশিয়া ইনস্যুরেন্স, রিজেন্ট টেক্সটাইল, এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড ও অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড।
অপর দিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ২৪৫টির, কমেছে ৩৩টির, অপরিবর্তিত আছে ২২টির দর।