১২০০ কোটি ছাড়াল ডিএসইর লেনদেন
সূচক ও লেনদেনে চাঙাভাবের মধ্যে আজ বৃহস্পতিবার শেষ হয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারেরর দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ১২০০ কোটি টাকা ছাড়িয়েছে, যা প্রায় ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ।
ডিএসইতে সূচক বেড়েছে ৬৭ পয়েন্ট
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৮৬৬ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০০টির দাম বেড়েছে, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ১ হাজার ২৮৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩২২ কোটি টাকা বেশি। এদিকে ডিএসইর আজকের লেনদেন ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ৯ জুলাই ডিএসইতে ১ হাজার ২৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। গতকাল এ বাজারে হয়েছিল ৯৬৬ কোটি টাকা।
ডিএসইতে লেনদেনে শীর্ষে এমজেএল বিডি
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে এমজেএল বিডি। আজ এ প্রতিষ্ঠানের ৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, অ্যাকটিভ ফাইন, বেক্সিমকো, গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা, গোল্ডেন সন, লাফার্জ সুরমা সিমেন্ট, ব্র্যাক ব্যাংক প্রভৃতি।
সিএসইতে সূচক বেড়েছে ২০১ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২২ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৬টির দাম বেড়েছে। কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।