১৪ মাস পর ডিএসইর লেনদেন ১২৫০ কোটি টাকা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এবার এক হাজার ২৫০ কোটি টাকা ছাড়িয়েছে। গত প্রায় ১৪ মাসের ব্যবধানে গতকাল বৃহস্পতিবার ঢাকার বাজারে এক হাজার ২৮৯ কোটি টাকার সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ৯ জুলাই ডিএসইতে এক হাজার ২৯৪ কোটি টাকার লেনদেন হয়েছিল। পাশাপাশি আগের দিনের চেয়ে গতকাল ৩২৩ কোটি টাকার বেশি ও চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
গত কিছুদিন ধরে লেনদেনের ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় গতকাল লেনদেন এক হাজার ৩০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। এর আগে গত বুধবার ৯৬৬ কোটি ও মঙ্গলবার ৮৩৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
লেনদেনের এ ঊর্ধ্বগতিকে বাজারের জন্য ইতিবাচক বললেও হঠাৎ করে তা হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সঠিক কোনো কারণ খুঁজে পাচ্ছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ কারণে লেনদেনের এই ঊর্ধ্বগতি অনেকের কাছে শংকারও কারণ।
জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের ডিন মোহাম্মদ মূসা বলেন, সাম্প্রতিক লেনদেনের গতি-প্রকৃতি দেখে মনে হচ্ছে কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাজারে সক্রিয় হয়েছেন। যাঁদের হাতে অলস টাকা রয়েছে তাঁরা শেয়ারবাজারে বিনিয়োগে এগিয়ে এসেছেন। এর ফলে বাজারে গতি ফিরেছে। তবে শঙ্কার বিষয় হচ্ছে এসব বিনিয়োগকারী যদি আবার একসঙ্গে বাজার ছেড়ে যেতে শুরু করেন তাহলে কী অবস্থা দাঁড়াবে।
মূসা আরও বলেন, সাম্প্রতিক সময়ে যেসব শেয়ারের দাম যে হারে বেড়েছে, কোনো ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীর পক্ষে সেসব শেয়ারের চাহিদা তৈরি করা সম্ভব নয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগের কারণেই মূলত এসব শেয়ারের দাম বেড়েছে। আর দাম বাড়ার একটি পর্যায়ে এসে সেসব শেয়ারে কিছু ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীরা ঝুঁকেছেন।
এদিকে লেনদেনের পাশাপাশি ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স একদিনে ৬৮ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৮৬৬ পয়েন্টে। গত বছরের ২৭ জানুয়ারি নতুন এই সূচকটি চালু হওয়ার পর এটিই তার সর্বোচ্চ অবস্থান। এর আগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ডিএসইএক্স চার হাজার ৮৪৫ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে উঠেছিল।