
দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। আগের দিন সোমবারের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবারও দুই শেয়ারবাজারে মূল্যসূচকের পতন ঘটেছে, কমেছে সার্বিক লেনদেনও।
তবে এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ২৮৩ পয়েন্টে নেমে গেছে। এটি প্রায় ১৬ মাসের মধ্যে এ সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১৩ সালের ৩০ ডিসেম্বর ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৪ হাজার ২৬৬ পয়েন্ট।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ২২৫ পয়েন্টে।
আগের দিন সোমবার ডিএসইএক্স সূচক ৬৫ পয়েন্ট ও সিএসইর সার্বিক মূল্যসূচক ১৬৪ পয়েন্ট কমেছিল।
জানতে চাইলে ডিএসইর সাবেক সহসভাপতি ও রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী প্রথম আলোকে বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক সহিংসতার কারণে বড় বিনিয়োগকারীরা এখন বাজারবিমুখ, বিনিয়োগে আসছেন না। এ অবস্থায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ‘সাপোর্ট’ দেওয়ার কথা থাকলেও বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনের কারণে তারা তা করতে পারছে না। কেননা ২০১৪ সালে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ সীমা কমে যাওয়ায় তাদের পক্ষে ‘সাপোর্ট’ অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। এটিও বাজারে নেতিবাচক প্রবণতা ঠেকাতে না পারার একটি কারণ।
গতকালের বাজার পরিস্থিতি নিয়ে মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিনের বড় দরপতনের পর গতকালও বিনিয়োগকারীদের মধ্যে একপ্রকার অস্থিরতা লক্ষ করা গেছে। এদিন বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা বেশি ছিল।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ডিএসইতে টেলিযোগাযোগ খাতের বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি (বিএসসিসিএল) দর বৃদ্ধির শীর্ষ অবস্থানে ছিল। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে। তবে সার্বিকভাবে বিনিয়োগকারীরা নেতিবাচক মনোভাবে থাকায় সূচকেও এর প্রভাব পড়েছে।
গতকাল ডিএসইতে ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে আগের চেয়ে দাম কমেছে ১৯৭টির, বেড়েছে ৮২টির ও অপরিবর্তিত থাকে ৩০টি প্রতিষ্ঠানের। এই বাজারে এদিন প্রায় ৪৪০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিনের ৪৬০ কোটি টাকার চেয়ে প্রায় ২০ কোটি টাকা কম।
সিএসইতে গতকাল ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে আগের তুলনায় দাম কমেছে ১৫৭টির, বেড়েছে ৬১টির ও অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের। সিএসইতে এদিন ৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের ৪২ কোটি টাকার চেয়ে পাঁচ কোটি টাকা কম।
ঢাকার বাজারে এদিন লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার। প্রতিষ্ঠানটির ৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। সম্প্রতি তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম গতকাল ১৭ টাকা বা ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২৮ টাকা ৭০ পয়সায় ওঠে; যা আগের দিনের লেনদেন শেষে ছিল ২১১ টাকা ৭০ পয়সা।
এ ছাড়া ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এসিআই, কেপিসিএল, এমজেএল বিডি, ইফাদ অটোস, অগ্নি সিস্টেমস, গ্রামীণফোন, সাইফ পাওয়ারটেক ও স্কয়ার ফার্মা।