১৭ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে বিইডিএল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডাইনামিকস লিমিটেড (বিইডিএল) শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, বিইডিএলের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৬ নভেম্বর। একই সঙ্গে বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডাইনামিকসের নাম পরিবর্তন করে ‘বারাকা পাওয়ার লিমিটেড’ নাম দিতে চায় পর্ষদ। বিষয়টি এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত তাদের কর-পরবর্তী মুনাফা ২৪ কোটি ৯৩ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা।