২৩০ বছরের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিডি অটোকারসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ৩৬ পয়সা। আর ওই কোম্পানির শেয়ারের বাজারমূল্য গতকাল বৃহস্পতিবার দিন শেষে বেড়ে দাঁড়িয়েছে ১১০ টাকা ৫০ পয়সায়।

মাত্র ৩৬ পয়সার ইপিএসে ১১০ টাকার বেশি বাজারমূল্যের কারণে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দাঁড়িয়েছে প্রায় ২৩০-এ। কোম্পানিটি হলো শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বিডি অটোকারস।

রাজধানীর তেজগাঁওয়ে সিএনজি ফিলিং স্টেশন ও গাড়ি সিএনজি রূপান্তরের ব্যবসার সঙ্গে জড়িত এ প্রতিষ্ঠানের শেয়ারের দাম গত এক মাসে প্রায় ৩১ টাকা বা ৩৮ শতাংশ বেড়েছে। গতকালও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এটির শেয়ারের দাম বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৫ শতাংশ।

সর্বশেষ গত ৩০ এপ্রিল কোম্পানিটি যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়কালে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২২ পয়সা। আর ২০১৬ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে ইপিএস দাঁড়ায় ৩৬ পয়সায়। দুই ক্ষেত্রেই ইপিএস আগের বছরের একই সময়ের চেয়ে ১০ পয়সা করে বেড়েছে। তাতে ব্যাপক উল্লম্ফন শেয়ারের দামে।

বিডি অটোকারসের আয়ের সঙ্গে শেয়ারের বাজারমূল্যের কোনো সংগতি পাচ্ছেন না বাজার বিশ্লেষকেরা। তাই তাঁরা এ দর বাড়ার পেছনে কারসাজির ঘটনা থাকতে পারে বলে অনুমান করছেন। বিশ্লেষকদের মতে, যে কোম্পানির পিই রেশিও যত বেশি, সেই কোম্পানির শেয়ারে বিনিয়োগ তত বেশি ঝুঁকিপূর্ণ।

জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক মোহাম্মদ মুসা বলেন, কোনো কোম্পানির পিই রেশিও ২৩০ মানে সেই কোম্পানির শেয়ারে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ কোম্পানিটির আয় অপরিবর্তিত থাকলে এবং সম্পূর্ণ আয় লভ্যাংশ হিসেবে বিতরণ করা হলে তাতেও কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ ফিরে পেতে ২৩০ বছর অপেক্ষা করতে হবে।

পিই রেশিওর বিবেচনায় বিডি অটোকারসে বিনিয়োগকে ২৩০ বছরের জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বলে অভিহিত করেছেন বিশ্লেষকেরা।

এদিকে কোম্পানিটির সাম্প্রতিক অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে চিঠি দেয় ডিএসই কর্তৃপক্ষ। চিঠির জবাবে ১৬ জুলাই কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে, অস্বাভাবিক দর বাড়ার কারণ জানে না তারা। এমনকি শেয়ারের দর বাড়ে—এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যও কোম্পানির হাতে নেই।

অস্বাভাবিক দর বাড়ার বিষয়ে বক্তব্য জানতে গতকাল কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। টেলিফোন অপারেটর জানান, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দেশের বাইরে রয়েছেন। কথা বলার মতো কেউ নেই।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২১ জুন বিডি অটোকারসের প্রতিটি শেয়ারের দাম ছিল ৭৯ টাকা ৮০ পয়সা। গতকাল তা ১১০ টাকা ৫০ পয়সায় উঠেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারের দাম গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে।

১৯৭৯ সালে যাত্রা শুরু করা কোম্পানিটি শুরুতে ত্রি হুইলার অটো টেম্পো তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিল। সরকারি নীতির কারণে ১৯৯৯ সালে এসে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে কোম্পানিটি গাড়ি সিএনজিতে রূপান্তর ও সিএনজি ফিলিং স্টেশন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।

এদিকে শেয়ারবাজারে গতকাল লেনদেনে বড় ধরনের পতন ঘটেছে। যদিও এদিন দুই বাজারেই সূচক সামান্য বেড়েছে। ডিএসইতে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৬৩৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪৩৩ কোটি বা প্রায় ৪০ শতাংশ কম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮২ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৪২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৯ কোটি বা ৪১ শতাংশ কম। দিন শেষে সিএসইর সার্বিক সূচকটি বেড়েছে ৬ পয়েন্ট।