২৫ মাস পর ৫০০০ পয়েন্ট ছাড়াল ডিএসইএক্স
টানা দর বৃদ্ধির ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স উঠে এসেছে ৫০০০ পয়েন্টে। আজ মঙ্গলবার এই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয় ডিএসইতে। লেনদেনের শুরুতেই ডিএসইএক্স সূচক বেড়ে ৫০০০ পয়েন্টের ওপরে উঠে আসে।
দুই বছরেরও বেশি সময় পর ডিএসইএক্স সূচক ৫০০০ পয়েন্ট ছাড়াল। এর আগে ২০১৪ সালের ১২ নভেম্বর সূচক ৫০০৫ পয়েন্ট ছিল। গতকাল সোমবার লেনদেনে শেষে ডিএসইএক্স সূচক ৩৬ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৯৯৩ পয়েন্টে।
আজ লেনদেন শুরুর ২২ মিনিটের মধ্যে ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে হয় ৫০৪০ পয়েন্ট। দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ২৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০২২ পয়েন্টে। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৫৩৪ কোটি ১৮ লাখ টাকা। দুপুর ১২ নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৯৭টির। দর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির।
অন্যদিকে সিএসইতে দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৬৩ দশমিক ৭৪ পয়েন্ট। মোট লেনদেন সাড়ে ২৯ কোটি ৩৯ লাখ টাকা ছাড়িয়েছে। প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ২০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৭৫টির। দর অপরিবর্তিত ১৭টির।