৩ বছর শেয়ারবাজার থেকে টাকা তুলতে পারবে না দুই কোম্পানি
প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনিয়মের দায়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানিকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কোম্পানি দুটি আগামী তিন বছর নতুন শেয়ার ছেড়ে বাজার থেকে কোনো অর্থ সংগ্রহ করতে পারবে না।
কোম্পানি দুটি হলো তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরীর মালিকানাধীন আরগন ডেনিমস এবং সালভো কেমিক্যাল। এর মধ্যে আরগন ডেনিমসকে ৩০ লাখ এবং সালভো কেমিক্যালকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আজ মঙ্গলবারের সভায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সভা শেষে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসি জানিয়েছে, আরগন ডেনিমস আইপিও বিবরণীতে সংগৃহীত অর্থ ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম করেছে। নিয়ন্ত্রক সংস্থার শর্ত ভঙ্গ করে প্রতিষ্ঠানটি একাধিক ব্যাংকে ঋণের অতিরিক্ত অর্থ পরিশোধ করেছে। আবার একটি আর্থিক প্রতিষ্ঠানের ৩ কোটি টাকার ঋণ পরিশোধ করা হয়েছে যা প্রসপেক্টাসে উল্লেখ ছিল না। এ ছাড়া কোম্পানিটির আইপিওর প্রায় ২৮ কোটি টাকা ব্যাংক ব্যবস্থার বাইরে নগদে লেনদেন করেছে। সবগুলো অনিয়ম সিকিউরিটিজ আইনের পরিপন্থী।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় আরগন ডেনিমস। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০৫ কোটি টাকা সংগ্রহ করে। কোম্পানিটি সংগৃহীত এ টাকা কোন কোন খাতে ব্যয় করা হবে, তা আইপিও বিবরণী বা প্রসপেক্টাসে উল্লেখ করেছিল। এর সঙ্গে বাস্তব ক্ষেত্রে খরচের বেশ অমিল পেয়েছে বিএসইসি।
অপর কোম্পানি সালভো কেমিক্যাল আইপিওর টাকা পুরোপুরি খরচ না করেই বিএসইসিকে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেছে, সংগৃহীত সব টাকা খরচ করা হয়েছে। একই সঙ্গে কোম্পানিটি আইপিওর দুই কোটি ২১ লাখ টাকা ব্যাংক ব্যবস্থার বাইরে নগদে লেনদেন করেছে।
বিএসইসির নেওয়া শাস্তি কার্যকর হলে কোম্পানি দুটি অধিকারমূলক বা রাইট শেয়ার, পুনঃপ্রাথমিক গণপ্রস্তাব বা রিপিট আইপিও ইস্যু করতে পারবে না। এমনকি তিন বছরের মধ্যে কোনো ধরনের নতুন শেয়ার ইস্যু করতে পারবে না।