৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৩০০ কোটি টাকার সম্পূর্ণ অবসায়নযোগ্য সাত বছর মেয়াদি বন্ড ছাড়বে। প্রতিটি বন্ডের ফেসভ্যালু বা অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকাল বুধবারের সভায় ব্যাংকটির বন্ড ইস্যুর আবেদন অনুমোদন করা হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, এটি হবে অরূপান্তরযোগ্য বন্ড এবং কোথাও তালিকাভুক্ত হবে না। সাত বছর পর বন্ডটি পুরোপুরিভাবে অবসায়িত হবে। দেশীয় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান এবং উচ্চবিত্ত বা উচ্চ সম্পদশালী ব্যক্তিরাই কেবল প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ডটি কিনতে পারবেন।
বন্ডের মাধ্যমে সংগৃহীত টাকা ব্যাংকটি তাদের মূলধন বৃদ্ধির কাজে লাগাবে। বন্ডটি বাজারে আনার ক্ষেত্রে প্রধান আয়োজক ও ট্রাস্টি হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি।