৪ হাজার ৬০০ পয়েন্ট ছাড়াল ডিএসইএক্স সূচক
সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। আজ ডিএসইর প্রধান সূচক ৪ হাজার ৬০০ পয়েন্ট ছাড়িয়েছে। সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দুই বাজারে।
ডিএসইতে সূচক বেড়েছে ৪৭ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৬০২ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ইতিবাচক এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
এদিকে প্রায় চার মাস পর ডিএসইএক্স সূচক চার হাজার ৬০০ পয়েন্ট অতিক্রম করল। এর আগে গত ২৮ এপ্রিল ডিএসইএক্স সূচক ছিল ৪,৬২৪ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৭টির দাম বেড়েছে, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫০ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৫০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক বেড়েছে ১৬৭ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৪৯ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৭টির দাম বেড়েছে। কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। আজ প্রতিষ্ঠানটির ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, এমজেএল বিডি, বেক্সিমকো ফার্মা, বিএসসি, কেয়া কসমেটিকস, অগ্নি সিস্টেমস, আরডি ফুড, বিএসআরএম স্টিল প্রভৃতি।