৪৭০৮ পয়েন্টে উঠে এল ডিএসইএক্স সূচক
প্রায় এক বছর পর ৪৭০০ পয়েন্টের ওপরে উঠে এল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৭ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে হয় ৪৭০৮ পয়েন্ট।
২০১৫ সালের ১৪ অক্টোবর ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৪৭১৭ পয়েন্ট। আজ সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। গত কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ।
বিশ্লেষকেরা বলছেন, পুঁজিবাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসছে। দীর্ঘ মেয়াদে বিনিয়োগ হচ্ছে। অল্প সময়ে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা কমেছে বিনিয়োগকারীদের মধ্যে।
ডিএসইতে আজ মোট লেনদেন ছাড়িয়েছে ৫৬২ কোটি ৩২ লাখ টাকা, যা গত দিনের তুলনায় সাড়ে ৩৪ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫৯৬ কোটি ৯৭ লাখ টাকা।
ডিএসইর পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ঈদুল আজহার পর থেকেই সূচকের বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যায়। আগে অনেক ‘প্যানিক সেল’ হতে দেখা যেত। এখন সেটা নেই। আর উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে, এখন ব্যাংক সুদের হার কম। তাই ব্যাংকে টাকা রাখার চেয়ে পুঁজিবাজারে ‘ডিভিডেন্ড’ ভালো পাওয়া যায়। আর এর ফলে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করছেন বিনিয়োগকারীরা। স্বল্প মেয়াদে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা কম লক্ষ করা যাচ্ছে।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, সিঙ্গার বিডি, স্কয়ার ফার্মা, পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, যমুনা অয়েল, বাংলাদেশ শিপিং করপোরেশন ও জিবিবি পাওয়ার লিমিটেড।
ডিএসইতে আজ ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৬টির। অপরিবর্তিত আছে ৫৪টির দাম।
সিএসইতে আজ সার্বিক সূচক বেড়েছে ৪৮ দশমিক ২১ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৩৩ কোটি টাকা, যা গত দিনের চেয়ে কিছুটা বেশি। গতকাল মোট লেনদেনের পরিমাণ ছিল ৩২ কোটি ৬৬ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১১৭টির, অপরিবর্তিত আছে ৩৭টির।