৫ বছর ৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ বছর ৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ বুধবার ডিএসইতে ১ হাজার ৪৭৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে ২০১১ সালের ২৮ জুলাই ডিএসইতে ১ হাজার ৮০৪ কোটি টাকার লেনদেন হয়।

এ ছাড়া গতকালের চেয়ে ৮২২ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে আজ ডিএসইতে। গতকাল মঙ্গলবার ডিএসইতে ৬৫৫ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়।

ডিএসইতে ৮২৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)। কেপিসিএলের ব্লকে বড় অঙ্কের লেনদেনের কারণেই আজ ডিএসইতে রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১৫ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৪৭৬৫ পয়েন্ট। গতকাল ডিএসইএক্স সূচক ২৮ দশমিক ৮০ পয়েন্টে বেড়ে হয় ৪৭৫০ পয়েন্ট।

ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো ন্যাশনাল টিউবস, এবি ব্যাংক লিমিটেড, বেক্সিমকো, ডরিন পাওয়ার, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, কাশেম ড্রাইসেল, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড ও কেয়া কসমেটিকস। ডিএসইতে আজ ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২০টির। অপরিবর্তিত ৪০টির দাম।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ৫৯ দশমিক ৬৭ পয়েন্ট। লেনদেনের পরিমাণ ৪৮ কোটি ৬০ লাখ টাকা। গতকাল সিএসইতে লেনদেন হয় ৩৬ কোটি ৭৭ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৯৫টির, অপরিবর্তিত ২৮টির।