৫০০০ পয়েন্ট ছাড়াল ডিএসইর প্রধান সূচক
দুই বছরের বেশি সময় পর আবারও পাঁচ হাজার পয়েন্টের মাইলফলক ছাড়াল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। গতকাল মঙ্গলবার দিন শেষে এ সূচকটি প্রায় ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭ পয়েন্টে।
২০১৪ সালের ৬ নভেম্বরের পর ডিএসইর প্রধান সূচকটির এটিই সর্বোচ্চ অবস্থান। সর্বশেষ ২০১৪ সালের ৬ নভেম্বর ডিএসইএক্স সূচকটি ৫ হাজার ২৫ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।
দীর্ঘদিন ধরে শেয়ারবাজারের প্রধান সূচকটি পাঁচ হাজার পয়েন্টের নিচে থাকায় পাঁচ হাজার পয়েন্ট বিনিয়োগকারীদের কাছে একটি ‘মনস্তাত্ত্বিক সীমা’ হয়ে দাঁড়িয়েছিল। এ সীমা পেরোনোয় এখন বাজারকে নিয়ে অনেক বিনিয়োগকারী নতুন করে আশাবাদী হয়ে উঠবেন—এমন ধারণা পাওয়া গেল বাজার-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে। বাজার-সংশ্লিষ্টরা বলছেন, যখনই বাজার কোনো মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম করে তখন তাতে নতুন করে একধরনের গতি সঞ্চার হয়।
জানতে চাইলে মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বাজারের সূচক যখন মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম করে তখন বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে ওঠেন। নতুন করে অনেকে বাজারের সঙ্গে যুক্ত হন। গত দুই-তিন সপ্তাহ বাজারে অনেক নিষ্ক্রিয় বিনিয়োগকারীকে সক্রিয় হতে দেখছি। এসব বিনিয়োগকারী নতুন করে অর্থ বিনিয়োগের পাশাপাশি ঋণ সুবিধাও নিচ্ছেন।
মনিরুজ্জামান আরও বলেন, একদিকে নিষ্ক্রিয় ও নতুন বিনিয়োগকারীরা সক্রিয় হয়ে উঠেছেন বলে বাজারে গতি সঞ্চার হয়েছে। একইভাবে বাজার ঊর্ধ্বমুখী বলেই এসব বিনিয়োগকারী সক্রিয় হয়েছেন। এ ধারা অব্যাহত থাকলে বাজারেও গতি থাকবে।
এদিকে সূচকের পাশাপাশি লেনদেনের ঊর্ধ্বমুখী ধারাও অব্যাহত রয়েছে বাজারে। এরই ধারাবাহিকতায় গতকাল দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২১০ কোটি টাকা। এর আগে গত ২৩ নভেম্বর ১ হাজার ৪৭৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। যদিও ওই দিনের প্রায় দেড় হাজার কোটি টাকার লেনদেনের পেছনে বড় ভূমিকা ছিল ব্লক মার্কেটে এক কোম্পানির ৮২৮ কোটি টাকার শেয়ারের হাতবদল। এর বাইরে সর্বশেষ ১ হাজার ২৮৯ কোটি টাকার বেশি লেনদেন ছিল ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসির গতকালের বাজার প্রতিবেদন অনুযায়ী, ডিএসইতে গতকালের লেনদেনে আধিপত্য ছিল পাঁচ খাতের। খাতগুলো হলো প্রকৌশল, ব্যাংক, বস্ত্র, ওষুধ ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। এ পাঁচ খাতের লেনদেন হওয়া কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৮০ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৬৫ শতাংশ।
তবে মূল্যবৃদ্ধিতে গতকাল ঢাকার বাজারে আধিপত্য ছিল মিউচুয়াল ফান্ড খাতের। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪টি মিউচুয়াল ফান্ডের সবকটির দাম বেড়েছে। মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে নয়টিই মিউচুয়াল ফান্ড। একমাত্র কোম্পানি হিসেবে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০-এ ছিল পেনিনসুলা হোটেল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৫০ পয়েন্টে। আর দিন শেষে সেখানকার বাজারের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি।