৬ হাজার পয়েন্টের মাইলফলক পেরোল ডিএসইর সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। ২০১৩ সালের জানুয়ারিতে নতুন করে এ সূচক চালু হওয়ার পর গতকাল বৃহস্পতিবার দিন শেষে তা প্রথমবারের মতো ৬ হাজার পয়েন্টের রেকর্ড উচ্চতায় উঠেছে। পাশাপাশি ৪ লাখ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ডিএসইর বাজার মূলধন।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডিএসইএক্স সূচকটি ৬ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করায় বিনিয়োগকারীদের মনে তা বাড়তি আস্থা তৈরি করবে। এর আগে বেশ কয়েক দফা সূচকটি ৬ হাজারের কাছাকাছি গিয়েও বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক ভীতির কারণে শেষ পর্যন্ত মাইলফলক ছাড়াতে পারেনি। অবশেষে গতকাল সেই মনস্তাত্ত্বিক সীমা পেরোল ডিএসইএক্স।

ঈদুল আজহার ছুটির আগে গতকাল ছিল শেয়ারবাজারে শেষ কার্যদিবস। এদিন বাজারে লেনদেন কম হলেও সূচক ছিল ঊর্ধ্বমুখী। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬ পয়েন্টের রেকর্ড উচ্চতায় গিয়ে থেমেছে। আর বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২ হাজার ৯০ কোটি টাকায়। ডিএসইর ইতিহাসে এটিই সর্বোচ্চ বাজার মূলধনের রেকর্ড। ২০১০ সালের ধসের আগে বাজার ফুলে ফেঁপে ওঠার পরও বাজার মূলধন ৪ লাখ কোটি টাকা ছাড়ায়নি।

জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, অনেকটা সময় নিয়ে ডিএসইএক্স সূচকটি ৬ হাজারের মাইলফলক অতিক্রম করেছে। ধীরে ধীরে কোম্পানির আয়ের সঙ্গে সংগতি রেখে সূচক বাড়ায় তাতে বড় ধরনের পতনের শঙ্কা কম। সূচক মাইলফলক অতিক্রম করায় তা বিনিয়োগকারীদের কিছুটা হলেও আস্থা বাড়াতে সহায়তা করবে।

ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮৫৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৪৯ কোটি টাকা বেশি। ডিএসইর মোট লেনদেনের প্রায় ৩০ শতাংশই ছিল ব্যাংক খাতের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল দিন শেষে ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬০৫ পয়েন্টে। দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৬৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা বেশি।