৬০০ কোটি টাকার বেশি লেনদেন ডিএসইতে
আট মাস পর ৬০০ কোটি টাকা লেনদেন ছাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি লেনদেন হয় ৬৬৯ কোটি ৯৫ লাখ টাকা। এরপর আজই সর্বোচ্চ লেনদেন হলো ডিএসইতে।
আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে ডিএসইতে। পাশাপাশি সূচক ও লেনদেন বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।
ডিএসইতে আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৬০ পয়েন্টে। গতকাল লেনদেন শেষে সূচক বাড়ে ১২ দশমিক ৯৫ পয়েন্ট। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬১৪ কোটি ১২ লাখ টাকা, যা গতকালের চেয়ে ৭৮ কোটি টাকা বেশি। গতকাল মোট লেনদেনের পরিমাণ ছিল ৫৩৬ কোটি টাকা।
পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, বাজারে বেশ কিছু নতুন ফান্ড আসছে। বিনিয়োগকারীরা নতুন করে জেনে–বুঝে বিনিয়োগ করছেন। এর ইতিবাচক প্রভাব লক্ষ করা যাচ্ছে পুঁজিবাজারে।
আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো একমি ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মা লিমিটেড, সিঙ্গার বিডি, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড, ন্যাশনাল টিউবস, জিপিএইচ ইস্পাত, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড ও কেডিএস এক্সেসরিজ লিমিটেড। আজ ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯১টির। অপরিবর্তিত আছে ৫৯টির দাম।
অন্যদিকে, সিএসইতে আজ সার্বিক সূচক বেড়েছে ৩৭ দশমিক ৯৩ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৩২ কোটি ৩৬ লাখ টাকা। গতকাল সিএসইতে মোট লেনদেন হয় ২৯ কোটি ৫৩ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৮৯টির, অপরিবর্তিত আছে ৪৩টির।