৬৫০০ ছাড়াল ডিএসইর সূচক
শেয়ারবাজারের সূচক ও লেনদেন বাড়ছে তরতর করে। তাতে একের পর এক রেকর্ড হয়ে চলেছে বাজারে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবারও তিনটি রেকর্ড হয়েছে। পাশাপাশি দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনও হয়েছে গতকাল।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রথমবারের মতো সাড়ে ৬ হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়েছে। এ ছাড়া বাজার মূলধন ও বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকটিও উঠেছে রেকর্ড উচ্চতায়। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচকটি গতকাল এক দিনে ৫৪ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩৬ পয়েন্টে। আর ভালো মানের ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৬ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি এ দুটি সূচক চালু হয়েছিল। চালু হওয়ার প্রায় সাড়ে আট বছর পর এসে সূচক দুটি সর্বোচ্চ উচ্চতায় উঠেছে।
এ ছাড়া ডিএসইর বাজার মূলধন গতকাল এক দিনে ৩ হাজার ৬৯১ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার ৫৬২ কোটি টাকায়। এর আগে গত সোমবার বাজার মূলধন, ডিএসইএক্স ও ডিএস-৩০ সূচক রেকর্ড উচ্চতায় ছিল। গতকালও বাজার ঊর্ধ্বমুখী থাকায় এ তিন সূচক আবারও নতুন উচ্চতায় উঠেছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনার মধ্যে শেয়ারবাজারের এমন চাঙাভাবের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। গত বছর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের পর বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়। এরপর করোনার কারণে অন্যান্য ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এলে অনেক ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা শেয়ারবাজারমুখী হন। এ ছাড়া ব্যাংকে সুদের হার কমে যাওয়ায় সাধারণ মানুষের অনেকে ব্যাংকের বদলে শেয়ারবাজারকে লাভজনক মনে করেন। আবার করোনাকালে বাজারে ঋণের চাহিদা কমে যাওয়ায় ব্যাংকগুলোও শেয়ারবাজারে বিনিয়োগ বাড়িয়েছে।
অন্যদিকে স্বল্প সুদে পাওয়া প্রণোদনার ঋণের কিছু অর্থও কেউ কেউ পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন। সব মিলিয়ে শেয়ারবাজারে প্রচুর অর্থ বিনিয়োগ হয়েছে। তাতে তরতর করে বেড়েছে শেয়ারের দাম ও তার সঙ্গে পাল্লা দিয়ে সূচক। পাশাপাশি বাজারে লেনদেন বেড়েছে। গতকাল দিন শেষে ঢাকার বাজারে লেনদেন হয়েছে ২ হাজার ৩১৪ কোটি টাকার।