৯ শ কোটি টাকা ছাড়াল ঢাকার শেয়ারবাজারের লেনদেন
চলতি সপ্তাহে টানা তৃতীয় দিনের মতো আজ মঙ্গলবার সূচক ও লেনদেন দু-ই বাড়ল দেশের শেয়ারবাজারে। এর মধ্যে ঢাকার শেয়ারবাজারের লেনদেন ছাড়িয়েছে ৯ শ কোটি টাকা। দিন শেষে দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে বেড়েছে সূচকও। তবে দুই শেয়ার বাজারের সূচকই উঠানামার মধ্যে ছিল দিনভর।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক নয় দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৮৭১ দশমিক ৮২ পয়েন্ট।
সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইর লেনদেন শুরু হলেও পরে একাধিকবার সূচক ওঠানামা করে। বেলা সাড়ে ১১টার দিকে দিনের সর্বোচ্চ সূচক ছিল ৪৮৯৫ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৫৬ টির দাম বেড়েছে, কমেছে ১২৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
ডিএসইতে আজ ৯২৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১৬ কোটি ৫৬ লাখ টাকা বেশি। গতকাল এই বাজারে ৮১১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসইর পাশাপাশি আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে ২৮ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে এর সার্বিক মূল্যসূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৩০ পয়েন্ট।
এদিন এই শেয়ারবাজারে হাতবদল হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৬ টির দাম বেড়েছে; কমেছে ১০০ টির আর অপরিবর্তিত ছিল ৩২ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৬৬ কোটি ৪৩ লাখ টাকার।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড এয়ার। আজ এই প্রতিষ্ঠানের ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইসলামি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা প্রভৃতি।