৯০০ কোটি ছাড়াল ডিএসইর লেনদেন
সূচক ও লেনদেনে চাঙাভাবের মধ্যে আজ বুধবার শেষ হয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। পাশাপাশি লেনদেন বেড়েছে দুই বাজারে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে।
ডিএসইতে সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৭৯৮ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টির দাম বেড়েছে, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৯৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩০ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৮৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ এ প্রতিষ্ঠানের ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এমজেএল বিডি, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম স্টিল, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, এসিআই ফর্মুলেশন, গোল্ডেন সন, ইউনিক হোটেল প্রভৃতি।
সিএসইতে সূচক বেড়েছে ১২২ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮২০ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৫টির দাম বেড়েছে। কমেছে ৯৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।