'বাজারে আগের অবস্থার পুনরাবৃত্তি হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনে আজ বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: বিজ্ঞপ্তি
রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনে আজ বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: বিজ্ঞপ্তি

দেশের শেয়ারবাজার আর ‘বাবল’ বা অতিমূল্যায়িত হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা। অতিমূল্যায়িত যাতে না হয় সে বিষয়ে আগেই থেকেই সতর্ক থাকা হবে।

আজ রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে স্বপন কুমার বালা এ মন্তব্য করেন। ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ডিএসইর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আরও বক্তব্য দেন ডিএসইর চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিয়া।

এক প্রশ্নের উত্তরে স্বপন কুমার বালা বলেন, ২০১৫-২০১৬ সালের বাজেটে প্রণোদনা থাকলেও পুঁজিবাজারে কারসাজির সুযোগ নেই। পুঁজিবাজার আর আগের মতো ‘বাবল’ হবে না। কেউ কারসাজি করতে চাইলে তাকে সেখানে থামিয়ে দেওয়ার ব্যবস্থা আছে।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারবান্ধব উল্লেখ করে স্বপন কুমার বালা বলেন, এবারের বাজেটে পুঁজিবাজারে যেসব প্রণোদনা দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়িত হলে বাজার আরও গতিশীল হবে।
স্বপন কুমার বালা বলেন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন জাতীয় সংসদের গত অধিবেশনে উপস্থাপিত হলেও এখনো আইনটি পাস হয়নি। আইনটি পাস হওয়া এবং তার অধীনে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন ও বাস্তবায়ন পুঁজিবাজারে তথ্য সরবরাহে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে। এ ছাড়া প্রস্তাবিত অর্থবিলে অসত্য আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১২৯বি ধারার অধীনে কর দাতাকে ১ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আর ‘১৬৫ এএ’ ধারার অধীনে কমপক্ষে ৩ মাস ও সর্বোচ্চ ৩ বছর জেল অথবা সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা বা জেল-জরিমানা দুটিই হতে পারে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদ সম্মেলনে ডিএসইর চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিয়া বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়িত হলে বাজারে অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। বাজার আরও গতিশীল হবে। নতুন কোম্পানি শেয়ারবাজারে আসতে আগ্রহী হবে, যা দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ডিএসইর পরিচালক শাকিল রিজভী, খাজা গোলাম রসুল, শরীফ আনোয়ার হোসেন ও প্রধান রেগুলেটরি কর্মকর্তা এ কে এম জিয়াউল হাসান খান।