'বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে কাজ করছে সিএসই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণের (ডিমিউচুয়ালাইজেশন) এক বছর পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন করে সিএসই কর্তৃপক্ষ। রাজধানীর মতিঝিলে সিএসইর ঢাকা অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণের (ডিমিউচুয়ালাইজেশন) এক বছর পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন করে সিএসই কর্তৃপক্ষ। রাজধানীর মতিঝিলে সিএসইর ঢাকা অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং তাঁদের উত্তম সেবা দেওয়ারর লক্ষ্যে কাজ করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক (ডিমিউচুয়ালাইজেশন) হওয়ার পর থেকে এ কাজকে গুরুত্ব দিচ্ছে তারা।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলে সিএসইর ঢাকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালি-উল-মারুফ। ডিমিউচুয়ালাইজেশনের এক বছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তিনি প্রথমে লিখিত বক্তব্য দেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
গত এক বছরে আপনাদের ব্যবসায়িক সফলতা কী? বছর শেষে ট্রেক হোল্ডারদের জন্য কী বার্তা দেবেন? এমন প্রশ্নের জবাবে ওয়ালি-উল-মারুফ বলেন, ‘সিএসই পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ায় ট্রেক হোল্ডারদের স্বার্থ বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। কিন্তু এখনই আমরা তা করছি না। শুরুতে আমরা শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করছি। কীভাবে তাঁদের আরও উন্নত সেবা দেওয়া যায়, সে লক্ষ্যে কাজ করছি। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করতে পারলে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতা আসবে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিএসইর এমডি বলেন, ‘গত এক বছরে সিএসইতে বিনিয়োগকারীদের অসংখ্য অভিযোগ এসেছে। এই মুহূর্তে সিএসইতে ১ হাজার ২৪টি অভিযোগ আছে। জুনের মধ্যে এই অভিযোগ শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে সিএসই।’ তিনি বলেন, যেহেতু বিনিয়োগকারীরা এই বাজারের প্রাণ। তাই তাঁদের স্বার্থই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

ওভার দ্য কাউন্টার বাজারের (ওটিসি) সংস্কারের বিষয়ে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘সিএসইর ওটিসি বাজারে বর্তমানে ৫১টি কোম্পানি রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কোম্পানির অস্তিত্ব নেই বলে আমরা জেনেছি। সরেজমিন কোম্পানিগুলো পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেসব কোম্পানির অস্তিত্ব পাওয়া যাবে না, তাদের বাজার থেকে সরিয়ে দেওয়া হবে। আর যেসব কোম্পানি মূল বাজারে ফিরতে আগ্রহী, আমরা তাদের সব ধরনের সহায়তা দেব।’

লিখিত বক্তব্যে ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী সিএসই সম্পর্কে ওয়ালি-উল-মারুফ বলেন, সিএসইর বর্তমান পরিচালনা পর্ষদের এক-তৃতীয়াংশ বাণিজ্যিক স্বার্থের সঙ্গে জড়িত। বাকি পরিচালকদের শেয়ারবাজারে কোনো বাণিজ্যিক স্বার্থ নেই। তাঁরা পেশাদার ও অভিজ্ঞ। তাঁরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ দেখার জন্য সচেষ্ট ও প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সিএসই পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিএসইর চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ আইয়ুব ইসলাম, শাখওয়াত হোসাইন, মঈনুল ইসলাম মাহমুদ ও সফিউল ইসলাম, ট্রেক হোল্ডার পরিচালক মুহাম্মদ খায়রুল আনাম চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।