'৯৬-এর ধসের পর শেয়ার বাজারে বিনিয়োগ করিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৬ সালের ধসের পর শেয়ারবাজারে আর বিনিয়োগ করেননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেছেন, ‘আমি ১৯৬৯ সালে পুঁজিবাজারে বিনিয়োগ করে পাকিস্তান সরকারের ষড়যন্ত্রের কারণে ৩৩ হাজার টাকা লোকসান করেছি। এরপর আগ্রহ থাকা সত্ত্বেও ১৯৯৬ সালের ধসের কারণে আর বিনিয়োগ করিনি। সরাসরি শেয়ারে না গিয়ে বন্ডে বিনিয়োগ করেছি। কারণ, বন্ডে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়।’
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে গতকাল বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপ্লিকেশন ‘ডিএসই মোবাইল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। স্বাগত বক্তব্য দেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা।
অর্থমন্ত্রী বাজার সম্পর্কে বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পুঁজিবাজারে ধস নামে। ২০১০ সাল থেকে পুঁজিবাজার উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হলেও আশানুরূপ চাঞ্চল্য ফেরেনি। বর্তমানে পুঁজিবাজার-সংক্রান্ত যেসব বিধিবিধান রয়েছে, তা অন্য যেকোনো সময়ের তুলনায় অতি উত্তম। এসব বিধিবিধান পরিপালন নিশ্চিত করা হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে। ডিএসই মোবাইলভিত্তিক লেনদেন চালুর কারণে আশা করছি ভবিষ্যতে বাজার চাঙা হবে।’
ডিএসইর মোবাইল অ্যাপ প্রসঙ্গে অর্থমন্ত্রী মুহিত বলেন, মোবাইল ফোনে লেনদেন চালু হওয়ার কারণে বিনিয়োগকারীরা এখন ঘরে বসে লেনদেন করবেন। তাঁরা এখন সচরাচর দিলকুশা-মতিঝিল এলাকায় আসবেন না। এতে হঠাৎ করে যেকোনো ইস্যুতে আন্দোলন বা শোভাযাত্রা, র্যালি, মিছিল-মিটিং হবে না। হলেও লোক পাওয়া যাবে না। এটা একটা ভালো দিক।
বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, এই অ্যাপসের মাধ্যমে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহির জায়গাটা নিশ্চিত হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা বিনিয়োগকারীরা দূর-দূরান্ত থেকে এই অ্যাপসের মাধ্যমে পুঁজিবাজারের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, বিনিয়োগকারীরা নিজের মুঠোফোনে অ্যাপসটি ডাউনলোড করে নিজেই সরাসরি শেয়ার কেনাবেচায় অংশ নিতে পারবেন। এ জন্য বিনিয়োগকারীকে নিজ নিজ ব্রোকারেজ হাউস থেকে আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।
ডিএসইর এই মোবাইল অ্যাপটি তৈরি করেছে অর্থ ব্যবস্থাপনা-সংক্রান্ত সফটওয়্যার কোম্পানি ফ্লেক্সট্রেড। এর মাধ্যমে বিনিয়োগকারী নিজেই বাজারমূল্যে শেয়ার কেনাবেচার সুযোগ পাবেন। এ ছাড়া থাকছে নোটিফিকেশন সুবিধা। এর মাধ্যমে শেয়ার-সম্পর্কিত হালনাগাদ সব তথ্য বিনিয়োগকারীর কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। তবে কোনো বিনিয়োগকারী যদি বাজারমূল্যের চেয়ে বেশি বা কম দামে শেয়ার কেনাবেচার আদেশ দেন, তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না। সে ক্ষেত্রে বিনিয়োগকারীর আদেশটি (অর্ডার) ব্রোকারেজ হাউসের নির্ধারিত ট্রেডারের কাছে জমা হবে। বাজারে যখন শেয়ারের ওই কাঙ্ক্ষিত দাম পাওয়া যাবে, তখন তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।
ডিএসই জানিয়েছে, শুরুতে বিনা মূল্যে ব্রোকারেজ হাউসগুলোকে নতুন অ্যাপস ব্যবহারের সুবিধা দেওয়া হবে। পরে অ্যাপসটির জন্য ব্রোকারেজ হাউস থেকে মাশুল নেওয়া হবে। কত টাকা মাশুল আদায় করা হবে, এ ব্যাপারে ডিএসইর পরিচালনা পর্ষদই সিদ্ধান্ত নেবে।