নিয়ম মেনে ন্যাশনাল ব্যাংক চালাতে চান কাজে ফেরা এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মেহমুদ হোসেন, এমডি, ন্যাশনাল ব্যাংক
ছবি: এনবিএল

বেসরকারি মালিকানাধীন ন্যাশনাল ব্যাংকের পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহমুদ হোসেন আজ কাজে ফিরে বলেছেন, তিনি সব নিয়মকানুন মেনে ব্যাংক পরিচালনা করার চেষ্টা করবেন।

গত মাসে এমডি হিসেবে পদত্যাগ করেছিলেন মেহমুদ হোসেন। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ মেহমুদ হোসেনের পদত্যাগপত্র গ্রহণ না করে কাজে ফেরার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির পরিচালনা পর্ষদ গত বৃহস্পতিবার তাঁকে যত দ্রুত সম্ভব কাজে যোগদানের জন্য চিঠি দেয়।

আরও পড়ুন

আজ রোববার মেহমুদ হোসেন ব্যাংকের প্রধান কার্যালয়ে যান ও কাজ শুরু করেন। জানতে চাইলে মেহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি কাজে যোগ দিয়েছি। এখন চেষ্টা করব সব নিয়মকানুন মেনে ব্যাংক পরিচালনা করার।’

বেসরকারি খাতের যেসব ব্যাংক খেলাপি ঋণের সমস্যায় রয়েছে, ন্যাশনাল ব্যাংক সেগুলোর একটি। তবে দায়িত্বে ফিরে মেহমুদ হোসেন বলেন, ‘ব্যাংকের আর্থিক পরিস্থিতির উন্নতি করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।’

এমডি পদে মেহমুদ হোসেনের মেয়াদ রয়েছে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত। তবে গত ১৮ জানুয়ারি তিনি ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। একই দিন তিনি সাত দিনের ছুটির জন্য আবেদন করেন। এরপর আর ব্যাংকে যাননি তিনি।

বিষয়টি নিয়ে ব্যাংক খাতে ব্যাপক আলোচনা হয়। এরপর প্রথমে ব্যাংকটির একজন পরিচালক রন হক সিকদারের সঙ্গে সভা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার; পরে ২৯ জানুয়ারি সভা করেন মেহমুদ হোসেনের সঙ্গে। এ সময় এমডিকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভা ডেকে পদত্যাগপত্র গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় এবং তাঁকে যোগদান করতে চিঠি দেয়।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোনো একটি ব্যাংকের শীর্ষ নির্বাহীর পদত্যাগের পর কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে আবার দায়িত্বে ফিরে আসার ঘটনা বাংলাদেশে নিকট অতীতে ঘটেনি।

ব্যাংক খাতের কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, পদত্যাগপত্রে মেহমুদ হোসেন ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করলেও তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। পদত্যাগের আগে তাঁকে বনানীর ১১ নম্বর সড়কের সিকদার হাউসে ডেকে নেওয়া হয়। এরপরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

পদত্যাগের সংবাদ প্রকাশিত হওয়ার পর ন্যাশনাল ব্যাংক এক প্রতিবাদপত্রে জানায়, মেহমুদ হোসেন দায়িত্ব পালনকালে ব্যাংকের আর্থিক পরিস্থিতি খারাপ হয়েছে। এর যথাযথ জবাব না দিতে পারায় তিনি পদত্যাগ করেন।

ন্যাশনাল ব্যাংকে নানা অনিয়ম ও এমডির পদত্যাগের ঘটনা নতুন নয়। গত দেড় দশকে ব্যাংকটির বেশির ভাগ এমডিই মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন। ফলে ২০১৪ সালে ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এখন ব্যাংকটিতে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করলেও ব্যাংকটির অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। ব্যাংকটির মালিকানায় রয়েছে সিকদার গ্রুপ। তারাই ব্যাংকটির নানা বিষয়ে সিদ্ধান্ত নেয়।