রুবলের দর এক বছরের মধ্যে সর্বনিম্ন
ডলার ও ইউরোর বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের দরপতন হয়েছে। ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, ২০২২ সালের এপ্রিল মাসের পর রুবলের দর এখন সবচেয়ে কম।
গতকাল শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে রুবলের দর পড়েছে ১ দশমিক ১ শতাংশ আর ইউরোর বিপরীতে রুবলের দরপতন হয়েছে ১ শতাংশ।
ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, নানা কারণে হঠাৎ রুবলের এই দরপতন হয়েছে। এর মধ্যে আছে পশ্চিমা বিনিয়োগকারীদের রাশিয়ার ব্যবসা ও সম্পদ বিক্রি করে দেওয়া। এতে হঠাৎ ডলারের চাহিদা বেড়েছে। মার্চ মাসে জ্বালানি তেলের দাম কম থাকায় রাশিয়ার আয়ও কমেছে।
মার্চ মাসের শেষ দিকে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারে নেমে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রে পরপর দুটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার কারণেও তেলের বাজারে প্রভাব পড়েছে।
তবে এরপর ওপেক ও সহযোগী দেশগুলো তেলের উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নিলে বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়েছে। আজ এই প্রতিবেদন লেখার সময় বিশ্ববাজারে ব্যারেলপ্রতি অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দর ছিল ৮৫ দশমিক ১২ ডলার।
রুবলের দরপতন নিয়ে রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘আমাদের জ্বালানি তেলের দাম বেড়েছে। অর্থাৎ দেশে এখন আরও বেশি বেশি বিদেশি মুদ্রা আসবে। এতে রুবলের দরও বাড়বে।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যবস্থার অনেক হিসাব-নিকাশই পাল্টে গেছে। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর আর্থিক নিষেধাজ্ঞার কারণে দেশটি বন্ধুপ্রতিম দেশগুলোর মুদ্রায় রিজার্ভ সংরক্ষণ করছে। তারা চীনা ইউয়ান, ভারতীয় রুপি ও তুর্কি লিরা কিনছে। লক্ষ্য, এসব দেশের সঙ্গে নিজস্ব মুদ্রা বিনিময়ের মাধ্যমে বাণিজ্য করা।
সৌদি আরবের পর রাশিয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক। বিশ্লেষকেরা বলেন, এ সুবিধা রাশিয়া খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে। পশ্চিমাদের নিষেধাজ্ঞার পর দেশটি ইউরোপীয় ক্রেতাদের রুবলে গ্যাস কিনতে বাধ্য করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা অনুযায়ী, গ্যাসের বিদেশি ক্রেতাদের প্রথমে রাশিয়ার গাজপ্রম ব্যাংকে একটি বিশেষ হিসাব খুলতে হচ্ছে। তারা ওই হিসাবে বিদেশি মুদ্রা জমা করে। এরপর গাজপ্রম ব্যাংক ওই মুদ্রা রুবলে রূপান্তরের পর তা গ্যাসের মূল্য পরিশোধে ব্যবহৃত হচ্ছে। এই বন্দোবস্তের মাধ্যমে তারা নিজেদের মুদ্রা রুবলের মান ধরে রেখেছিল।
কিন্তু হঠাৎ ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় রুবলের দর কমেছে। যার কারণ হিসেবে বলা হয়েছে রাশিয়া পশ্চিমা কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে দেওয়া।