যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি প্রথমবারের মতো ৫০০ কোটি ডলার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি: প্রথম আলো

বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য যুক্তরাজ্য। সদ্য সমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরে দেশটিতে বাংলাদেশ ৫৩১ কোটি মার্কিন ডলারের পণ্য ও সেবা রপ্তানি করেছে। একই সময়ে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ আমদানি করেছে ৪৫ কোটি ডলারের পণ্য ও সেবা।

২০২১–২২ অর্থবছরে দেশটিতে বাংলাদেশ ৪৮০ কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানি করেছিল।  

ঢাকা সফররত যুক্তরাজ্যের বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী নাইজেল হাডলস্টোনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে আজ বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান প্রমুখ উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র। আর দ্বিতীয় হচ্ছে জার্মানি। তবে যুক্তরাজ্যে ৫০০ কোটি ডলারের বেশি রপ্তানি হয়েছে এবারই প্রথম।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশকে পণ্য বৈচিত্র্যকরণে প্রযুক্তি ও বাণিজ্য সম্পর্কিত গবেষণায় সহযোগিতা করার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক উন্নত করার আরও সুযোগ রয়েছে।

টিপু মুনশি বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক, তৃতীয় বৃহত্তম সবজি উৎপাদনকারী, চতুর্থ বৃহত্তম ধান উৎপাদক এবং পঞ্চম বৃহত্তম সুপেয় পানির মৎস্য উৎপাদনকারী দেশ। এ ছাড়া এ দেশে উচ্চ মানের ওষুধ, পাটজাত পণ্য, চামড়া জাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য, সিরামিক পণ্য, আসবাবপত্র, খেলনা এবং ইলেকট্রনিক পণ্যসহ অনেক বৈচিত্র্যময় পণ্য উৎপাদন হচ্ছে।

দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে গঠিত যৌথ কার্যদল এরই মধ্যে দুই দফা বৈঠক করেছে এবং শিগগিরই তৃতীয় বৈঠকে বসবে বলে জানান টিপু মুনশি। বাংলাদেশকে বিনিয়োগের উত্তম জায়গা হিসেবে উল্লেখ করে টিপু মুনশি বলেন, ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নতুন মাত্রা যোগ করেছে। বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশভিত্তিক আলাদা অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারে যুক্তরাজ্য।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার পর আরও ছয় বছর বাংলাদেশের জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখুক যুক্তরাজ্য।’

যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী নাইজেল হাডলস্টোন বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বেসরকারি উড়োজাহাজ চলাচল (এভিয়েশন), শিক্ষা এবং প্রতিরক্ষা বিষয়ে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তিনি আরও বলেন, দুই দেশের বাণিজ্য সম্পর্ক বাড়ছে এবং ভবিষ্যতে তা আরও বাড়বে।