বিশ্বব্যাপী দেশে দেশে কোভিড-১৯-এর কারণে জারি হওয়া লকডাউন তথা বিধিনিষেধের সময়ে সরকারি-বেসরকারি নির্বিশেষে প্রায় সব ধরনের প্রতিষ্ঠানই কর্মীদের দূরবর্তী অবস্থানে তথা বাড়িতে থেকে (হোম অফিস) কাজ করার সুযোগ দেয়। এতে ভালো ফল মেলায় ‘হোম অফিস’-এর ধারণাটি মোটামুটি জনপ্রিয়তা লাভ করে। এবার কাজ করার আরও অভিনব এক ধারণা নিয়ে এলেন বিশ্বের শীর্ষ ধনী এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, নভোযান নির্মাতা ও মহাকাশ অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের সদ্য কেনা খুদে ব্লগ লেখার সাইট টুইটারের প্রধান কার্যালয়কে রীতিমতো আবাসিক হোটেলের মতো বানিয়ে ফেলেছেন। ফলে টুইটারের কর্মীরা যে রুমে অফিস করবেন, সেখানেই থাকবেন, খাবেন, ঘুমাবেন। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দিয়েছেন।
বিবিসিকে টুইটারের পক্ষ থেকে তাদের অফিসের ভেতরকার কিছু ছবি দেওয়া হয়েছে। এসব ছবি দেখে টুইটার অফিসকে যেন হোটেলই মনে হয়। কারণ, রুমের ভেতরে হোটেলের মতো করে বেড পাতা। একেকটি রুম যেন একেকটি বেডরুম তথা শয়নকক্ষ, অর্থাৎ ‘অফিস-কাম-বেডরুম’। তবে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, টুইটারের নতুন মালিক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক প্রচলিত বিল্ডিং কোড বা নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে এ কাজ করেছেন। সে জন্য তারা তদন্তে নেমেছে । সান ফ্রান্সিসকোর ভবন পরিদর্শন বিভাগ নিশ্চিত করেছে যে তারা একটি অভিযোগ পাওয়ার পর নিয়ম লঙ্ঘনের বিষয়টি তদন্ত করে দেখছে।
ইলন মাস্ক অবশ্য বলেছেন, ক্লান্ত কর্মচারীদের জন্য অফিসে বেড বা বিছানার ব্যবস্থা করায় সান ফ্রান্সিসকো শহরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোম্পানিগুলোকে আক্রমণ করে। একটি টুইটে মাস্ক জানিয়েছিলেন, ‘সংগঠন ঠিক না হওয়া পর্যন্ত তিনি অফিসে কাজ করবেন এবং ঘুমাবেন। টুইটটি অবশ্য এখন মুছে ফেলা হয়েছে।
বিবিসি যেসব ছবি পেয়েছে, তার একটিতে দেখা যায়, একটি রুমে ডাবল বেডসহ ওয়ার্ডরোব সোফা ও চপ্পল রয়েছে। ঠিক যেন একটি বেডরুম৷ অন্য একটি ছবিতে বিছানা হিসেবে ব্যবহৃত সোফার ছবিও দেওয়া হয়েছে। এ ছাড়া দেওয়া হয়েছে কনফারেন্স রুম বা সম্মেলন কক্ষের ছবি, যেখানে একটি অ্যালার্ম ঘড়ি এবং একটি সাজানো বিছানার ওপর একটি ছবি রাখা আছে।
টুইটারের একজন সাবেক কর্মী বিবিসিকে জানান, প্রতিষ্ঠানটির নতুন বস ইলন মাস্ক প্রতিষ্ঠানটি কেনার পর থেকে নিজেও প্রধান কার্যালয়ে অবস্থান করছেন।
ইলন মাস্ক গত মাসে সব টুইটার কর্মীকে ই-মেইল করে বলেছিলেন যে তাঁদের সফল হওয়ার জন্য ‘অত্যন্ত কঠোর পরিশ্রমী হতে হবে’।
সাবেক কর্মীরা জানান, টুইটারের সদর দপ্তরে ওয়ার্ডরোব রাখা হয়েছে। একজন সাবেক কর্মী বলেন, এটা হোটেলের ঘরের মতো মনে হচ্ছে। তাঁরা আরও বলেন, মাস্ক নিয়মিত টুইটারের সান ফ্রান্সিসকোর সদর দপ্তরে ঘুমান। টুইটার অবশ্য তাৎক্ষণিকভাবে বিবিসির মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
ইলন মাস্ক গত অক্টোবরে টুইটার কেনার প্রক্রিয়া সম্পন্ন করেন। আর গত মাসে কোম্পানির কর্মীদের ই-মেইল করে জানান, তাঁদের নিবিড় মনোযোগ সহকারে দীর্ঘ সময় কাজ করতে হবে। কেবল যাঁরা ব্যতিক্রমী পারফরম্যান্স দেখাতে পারবেন, তাঁদেরই উত্তীর্ণ বলে মনে করা হবে।
কীভাবে কর্মক্ষেত্রে সফলভাবে ঘুমাতে হয়
ক্যালিফোর্নিয়ার রাজ্য সিনেটর স্কট উইনার বুধবার বিবিসিকে বলেন, তিনি এখন তাদের (শ্রমিকদের) টুইটারে ঘুমাচ্ছেন। এটা স্পষ্ট যে তিনি আসলেই লোকদের বিষয়ে চিন্তা করেন না। তিনি তাঁর জন্য কাজ করা লোকদের বিষয়ে চিন্তা করেন না।
ভবন পরিদর্শন বিভাগের একজন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে ভবনটি সত্যিকার অর্থেই উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার করা হচ্ছে।’
টুইটারে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে ইলন মাস্ক পোস্ট করেন যে শহরটির (সান ফ্রান্সিসকো) উচিত শিশুদের ব্যথানাশক ওষুধের অপব্যবহারের পরিণতি থেকে রক্ষা করাকে অগ্রাধিকার দেওয়া।
ভবন পরিদর্শন বিভাগের কর্মকর্তা প্যাট্রিক হান্নান সান ফ্রান্সিসকো ক্রনিকলকে জানান, তাঁরা সব অভিযোগ তদন্ত করছেন। আবাসিক ভবনের জন্য আলাদা নিয়ম রয়েছে, এমনকি তা স্বল্প মেয়াদে থাকার জন্য ব্যবহার হলেও।
ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার আগে ২০২০ সালের মে মাসের আগে টুইটার তাঁর কর্মচারীদের জানিয়েছিল যে তাঁরা ইচ্ছা করলে ‘চিরদিনের জন্য’ বাড়িতে থেকে কাজ করতে পারেন। কারণ, কোম্পানিটি কোভিডের কারণে জারি হওয়া লকডাউন তথা বিধিনিষেধের সময় কর্মীদের দূরবর্তী অবস্থানে তথা বাড়িতে থেকে (হোম অফিস) কাজের সুযোগ দিয়ে সফলতা পেয়েছিল।