কৈলাশটিলা গ্যাসকূপ খননে ডলার খরচ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাসক্ষেত্র
প্রতীকী ছবি

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ‘কৈলাশটিলা ৮ নম্বর কূপ (অনুসন্ধান কূপ) খনন’–এর খরচ বাড়ছে। এ ক্ষেত্রে বাড়তি ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ১ লাখ ৭ হাজার টাকা। তবে এ খরচ বহন করতে হবে মার্কিন ডলারে।

আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কৈলাশটিলা ৮ নম্বর কূপ (অনুসন্ধান কূপ) খননের ব্যয় বৃদ্ধির (ভ্যারিয়েশন) পাঁচটি আলাদা প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

সাংবাদিকদের জানানো হয়েছে, কৈলাশটিলা ৮ নম্বর কূপ (অনুসন্ধান কূপ) খননের দিকনির্দেশনামূলক তুরপুন সেবা (ডিরেকশনাল ড্রিলিং সার্ভিস) বাড়াতে বাড়তি লাগবে ১ লাখ ৮ হাজার ৪৭৬ মার্কিন ডলার। সংযুক্ত আরব আমিরাতের আল ম্যানশনারি পেট্রোলিয়াম সার্ভিস এলএলসি এ সেবা দেবে।

একই প্রকল্পের ডিএসটি অ্যান্ড প্রোডাকশন টেস্টিং সার্ভিস বাড়াতে বাড়তি খরচ হবে ৩৪ হাজার ৫৪৪ মার্কিন ডলার। এ সেবাও দেবে সংযুক্ত আরব আমিরাতের আল ম্যানশনারি পেট্রোলিয়াম সার্ভিস এলএলসি। এ প্রকল্পের জন্য আরেক ক্রয় প্রস্তাবে সিমেন্ট, সিমেন্ট সংযোজন এবং সরঞ্জামসহ কিছু পরিষেবা বাড়াতে বাড়তি ৮০ হাজার ৭৭৯ মার্কিন ডলার ব্যয়ের কথা বলা হয়েছে। এ সেবা নেওয়া হবে এমএস হ্যালিবার্টন ইন্টারন্যাশনাল জিএমবিএইচ থেকে।

প্রকল্পটির আওতায় আরেক প্রস্তাবে চীনের এম/এস চায়না পেট্রোলিয়াম লগিং কোম্পানি লিমিটেডকে ওয়ারলাইন লগিং সেবা বাড়াতে বাড়তি দেওয়া হবে ১ লাখ ২০ হাজার ৭০১ মার্কিন ডলার।

এ ছাড়া প্রকল্পের কোর এবং পিভিটি বিশ্লেষণ পরিষেবা বাড়াতে বাড়তি ২০ হাজার ১০৭ মার্কিন ডলার ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি ডলার ১১০ টাকা দরে হিসাব করে দেখা যায়, কৈলাশটিলা ৮ নম্বর কূপ (অনুসন্ধান কূপ) খননের খরচ বাড়ছে চার কোটি টাকার একটু বেশি।

এদিকে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ের জন্য সরকার থেকে সরকার (জি-টু-জি) পর্যায়ে ২৩ লাখ ৪০ হাজার টন গ্যাস ওয়েল, ২ লাখ ৭৫ হাজার টন মোগ্যাস, ৭ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ৬০ হাজার টন মেরিন ফুয়েলসহ মোট ৩৮ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে সরাসরি ক্রয়পদ্ধতিতে। ক্রয় কমিটির পাশাপাশি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।