যুক্তরাষ্ট্রে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের নেপথ্যে কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

মহামারির সময় দেখা গেছে, অন্যান্য কোম্পানির যখন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তখন প্রযুক্তি কোম্পানিগুলো রমরমা ব্যবসা করছে। বছর শেষে কোম্পানির স্থিতিপত্রেও তার ছাপ পড়েছে। এখনো তাদের ব্যবসা মন্দ চলছে না। কিন্তু কয়েক মাস ধরে প্রযুক্তি কোম্পানিগুলো রীতিমতো কর্মী ছাঁটাইয়ের প্রতিযোগিতায় নেমেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে ওয়াল স্ট্রিটের বড় বড় কোম্পানি। 

গত সপ্তাহে বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান অ্যামাজন ১৮ হাজার বা ৬ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এর আগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ কমবেশি কর্মী ছাঁটাই করেছে। 

কিন্তু বিষয়টি হচ্ছে, মার্কিন অর্থনীতি এখনো অতটা বিপাকে পড়েনি। প্রতি মাসেই দেশটিতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হচ্ছে। সর্বশেষ ডিসেম্বর মাসের পরিসংখ্যানে দেখা গেছে, ২ লাখ ২৩ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। ২০২১ সালের ডিসেম্বর মাসের তুলনায় তা কিছুটা কম, কারণ তখন পৃথিবী কেবল মহামারির ফাঁড়া কাটিয়ে স্বাভাবিক জীবনে প্রবেশ করেছে, তা সত্ত্বেও ২ লাখ ২৩ হাজার মানুষের চাকরি হওয়া যেকোনো মানদণ্ডে ভালো। বেকারত্বের হারও ঐতিহাসিকভাবে নিচের দিকে ৩ দশমিক ৫ শতাংশ। 

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলো বিপুল কর্মী ছাঁটাই করেছে। যুক্তরাষ্ট্রের যেটা বিশ্লেষণকারী কোম্পানি ক্রাঞ্চবেসের তথ্যানুসারে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলো ৮৮ হাজার কর্মী ছাঁটাই করেছে। শুধু প্রযুক্তি কোম্পানিগুলো নয়, সরকারি খাতের বড় বড় ব্যাংকগুলোও কর্মীদের দরজা দেখিয়ে দিচ্ছে। ওয়েলস ফারগো বন্ধকি ঋণ বিভাগের কয়েক শ কর্মী ছাঁটাই করেছে বলে জানা গেছে। নভেম্বর মাসে বার্কলে প্রায় ২০০ কর্মী ছাঁটাই করেছে। ওয়াল স্ট্রিট-এর মহিরুহ হিসেবে পরিচিত গোল্ডম্যান স্যাকস ও সিটি গ্রুপও ছাঁটাই করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুসারে, পেপসিকো তার প্রধান কার্যালয়ের কয়েক শ কর্মী ছাঁটাই করেছে। 

উচ্চ মূল্যস্ফীতি ইতিমধ্যে উন্নত দেশগুলোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তা মোকাবিলা করতে ওই সব দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নীতি সুদহার বাড়িয়ে চলেছে।

কোম্পানিগুলোর পক্ষে পুঁজি সংগ্রহ ব্যয়বহুল হয়ে উঠেছে। তবে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জব সাইট জিপরিক্রুটারের প্রধান অর্থনীতিবিদ জুলিয়া পোলক সিএনএনকে ভিন্ন কথা বলেন, ‘আমার মনে হয় না মানুষের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। এখন যা হচ্ছে, তা একধরনের ত্রুটি সংশোধন, দীর্ঘমেয়াদি মন্দা শুরু হচ্ছে, তা নয়।’ 

যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক সাময়িকী দ্য ইকোনমিস্ট অবশ্য এই উচ্চ বেতনের শোভন কাজ করা কর্মীদের ছাঁটাইয়ের পেছনে ভিন্ন গল্প হাজির করেছে। তারা বলছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি এমনিতেই যথেষ্ট মাথাভারী। ফলে সেখানে কাঁচি চালানোর যথেষ্ট সুযোগ আছে। যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রের সামগ্রিক কর্মসংস্থানের ৪৪ শতাংশ ব্যবস্থাপক ও উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাদারদের দিয়ে পরিপূর্ণ, যা ২০০০ সালে ছিল ৩৪ শতাংশ। এর অর্থ হলো প্রযুক্তি ও আর্থিক খাতের বাড়বাড়ন্ত হয়েছে। সে জন্য এ ধরনের উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাদারদের প্রয়োজন হয়েছে। তথ্যানুসারে, দেশটির উৎপাদন খাতে উঁচু পদে কর্মীর অনুপাত দাঁড়িয়েছে ৩৫ শতাংশ, ২০০২ সালে যা ছিল ২৯ শতাংশ। খুচরা বিক্রয় খাতে এই হার দাঁড়িয়েছে ১৫ শতাংশ, দুই দশক আগে যা ছিল ১২ শতাংশ। অটোমেশন ও অফশোরিং বা আউটসোর্সিংয়ের কারণে যুক্তরাষ্ট্রের মতো দেশে কারিগরি কাজ করা কর্মী ও ক্যাশিয়ারের প্রয়োজনীয়তা কমেছে, সে জায়গায় ব্যবসা বিশ্লেষক ও সিস্টেম বিশেষজ্ঞদের চাহিদা বেড়েছে। 

মাথাভারী ব্যবস্থাপনার কারণে এই উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীরা এখন বিপাকে পড়েছেন। কিন্তু তাই বলে এ কথা বলা নিঃসন্দেহে অত্যুক্তি হবে যে শোভন কাজের জগতে মন্দাভাব তৈরি হয়েছে। ডেস্কভিত্তিক কাজের অভাব নেই। আর্থিক খাতে পে রোলে থাকা কর্মীর সংখ্যা প্রাক্‌মহামারি পর্যায়ের সমান। আর সামগ্রিকভাবে প্রযুক্তি খাতে নিয়োজিত কর্মীর সংখ্যা ২০২০ সালের চেয়ে ১০ শতাংশ বেশি। মেটার মতো কোম্পানি ১১ হাজার কর্মী ছাঁটাই করলেও প্রাক্‌মহামারি সময়ের তুলনায় এ বছর তারা ৭০ শতাংশ বেশি নিয়োগ দেবে, এমনটাই বলছে দ্য ইকোনমিস্ট। 

অন্যদিকে এই ছাঁটাই কর্মীদের কাজ পাওয়া নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে মনে করছে দ্য ইকোনমিস্ট। পুরোনা ধাঁচের শিল্পে এই মানুষদের যথেষ্ট কদর আছে বলেই মনে করছে তারা। ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করলেও ডেটাবিজ্ঞানী খুঁজছে। বৃহৎ খুচরা বিক্রেতা হওয়ার কারণে ডেটা বা সংখ্যা নিয়ে কাজ করতে পারেন, এমন মানুষের চাহিদা এখনো অনেক আছে ওয়ালমার্টে। যুক্তরাষ্ট্রের কম্পিউটিং টেকনোলজি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্যানুসারে, তথ্যপ্রযুক্তি পেশাদারদের ৫৯ শতাংশ এখনো প্রযুক্তি খাতের বাইরেই কাজ করেন। 

দ্য ইকোনমিস্ট মনে করে, সামগ্রিকভাবে উচ্চ বেতনধারী শোভন কাজ করা মানুষের চাহিদা আগের মতোই আছে। আর্থিক খাত, প্রযুক্তিবিদ ও ব্যবস্থাপকদের বেকারত্বের হার যুক্তরাষ্ট্রের গড় হারের (৩ দশমিক ৫ শতাংশ) চেয়ে অনেক কম। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমছে। সেই সঙ্গে কমছে অভিবাসন। এ দুই কারণে জনবলের সংকট একভাবে থাকবে। আবার এখন অটোমেশনের সময়।

যত কমসংখ্যক মানুষ দিয়ে বেশি কাজ করানো যায়, এই হচ্ছে যুগের নীতি। ফলে দক্ষ প্রকল্প ব্যবস্থাপক ও প্রোগ্রামারদের সুসময় কেবল শুরু হচ্ছে বলেই মনে করে দ্য ইকোনমিস্ট। অর্থাৎ উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের চাহিদা ও বেতন বাড়বে। তবে নিম্ন দক্ষতাসম্পন্ন কর্মীদের চাহিদা কমবে।