কোরিয়ার ডায়েরি: নগদ অর্থের কোনো কারবার নেই যেখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার শহর ইঞ্চন
ছবি: প্রথম আলো

ষাটের দশক ছিল দক্ষিণ কোরিয়ার জন্য টিকে থাকার সময়। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলেছে কোরিয়া যুদ্ধ। অবকাঠামো বলতে তখন তেমন কিছু ছিল না। তখন দেশটির মাথাপিছু আয় ছিল মাত্র ১৫০ মার্কিন ডলার। সাধারণ মানুষের মৌলিক চাহিদা মেটানোর মতো সম্পদও তাদের ছিল না। সেই কোরিয়ার উন্নতির সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটা যোগসূত্র আছে। ১৯৬৬ সালে যখন এডিবির প্রতিষ্ঠা হয়, তখন এর প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে ছিল দক্ষিণ কোরিয়া।

রাজধানী সিউল আর অন্যতম বড় শহর ইঞ্চনের মধ্যে যোগাযোগ বাড়াতে দেশটির সবচেয়ে পুরোনো এক্সপ্রেস হাইওয়ে নির্মাণে এডিবি দিয়েছিল ১৪ কোটি ২৯ লাখ ডলার। এরপর ইঞ্চন বন্দর উন্নয়নে এডিবি দেয় ৩২০ কোটি ডলার। দক্ষিণ কোরিয়ার উন্নয়নে এই বন্দরের প্রভাব অপরিসীম। ১৯৮৮ সাল পর্যন্ত এডিবি থেকে ঋণ নেয় কোরিয়া। তখন আর ঋণ নেবে না এমন ঘোষণা দিলেও পরে আরেকবার নিতে হয় ১৯৯৮ সালের পূর্ব এশিয়ার অর্থনৈতিক সংকটের সময়। তারপর আর ঋণের জন্য কখনো হাত বাড়ায়নি দেশটি।

দক্ষিণ কোরিয়াই এশিয়ায় একমাত্র দেশ, যারা ঋণগ্রহীতা থেকে ঋণদাতা হয়েছে। মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার উদাহরণ কোরিয়ারই আছে। সুতরাং কোভিড শেষ হওয়ার পর এডিবি যখন প্রথম উন্মুক্ত বার্ষিক সম্মেলন করতে চাইল, তখন কোরিয়াই ছিল এর বড় দাবিদার।

এবারের সম্মেলন হচ্ছে সেই ইঞ্চনেই, যে শহর প্রতিষ্ঠার পেছনে এডিবির অবদান অনেক। আর এখানে পা রাখলেই উন্নত কোরিয়ার একটা চেহারা সহজেই দেখতে পাওয়া যায়। সম্মেলনটি হচ্ছে সাংদো কনভেনশিয়া নামের বিশাল এক সম্মেলনকেন্দ্রে। এর আশপাশের হোটেলগুলো দখল করে আছেন সম্মেলনে আসা ব্যক্তিরাই। আর তাই রাস্তায় হাঁটলেই দেখা যায় এডিবির ব্যাজ পরা মানুষদের চলাফেরা।

দক্ষিণ কোরিয়ার শহর ইঞ্চন
ছবি: প্রথম আলো

নগদ অর্থবিহীন কোরিয়া

সিঙ্গাপুর হয়ে কোরিয়ার ইঞ্চন আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে হোটেলে আসতে আসতে বিকেল পাঁচটা। এসেই প্রথম ভাবনাটা ছিল খেতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে হাতে কোরিয়ার মুদ্রা ওন নেই। ব্যাংক ছাড়া ডলার ভাঙানো যায় না। এখানে কোনো ক্ষেত্রেই নিয়মের বাইরে যাওয়ার উপায় নেই। অবশ্য একটা ক্রেডিট কার্ড আছে। সেই ভরসাতেই বের হয়েছিলাম খাবারের সন্ধানে।

মিনিট দশেক হাঁটতেই চোখে পড়ল বার্গার কিং-এর একটি দোকান। কিন্তু ভেতরে ঢুকে দেখি কোনো কাউন্টার নেই। একপাশে চারটা শ্লট মেশিনের মতো আছে। সেখানেই খাবার অর্ডার দিতে হয়, অর্থও পরিশোধ করতে হয়। চারটি ভাষার সুবিধা আছে সেখানে। কোরিয়া, চীন, জাপান ও যুক্তরাষ্ট্রের চারটি পতাকা দিয়ে সেটি বোঝানো আছে। নানা কসরত করার পর সাফল্য আসে। শেষে খাবার পাওয়া গিয়েছিল।

তারপর প্রায় দেড় দিন কেটে গেছে। এর মধ্যে প্রয়োজনে ছোটখাটো কেনাকাটা করতে হয়েছে, কিনতে হয়েছে খাবার, কিন্তু কোথাও নগদ অর্থের প্রয়োজনই হয়নি। সত্যিকার অর্থে নগদ অর্থ লেনদেনবিহীন যে ‘ক্যাশলেস সোসাইটির’ কথা বলা হয়, কোরিয়াই তার সবচেয়ে বড় উদাহরণ।

কোরিয়ার বিকেল
ছবি: প্রথম আলো

তবে কেনাকাটা করতে গেলে হিসাবে বড় গন্ডগোল হয়ে যায়। এখানে ১ ডলার সমান হচ্ছে ১ হাজার ৩৪২ কোরিয়ান ওন। সুতরাং সামান্য কিছু কিনতে গেলেও হাজার হাজার ওনের হিসাব করতে হয়। সেই ওনকে আবার মনে মনে ডলারে রূপান্তর করতে হয়, তারপর আসে টাকার হিসাব। সুতরাং কোনোভাবেই হিসাব রাখা সম্ভব হয় না।

মাইকেল ক্রেমারের পরামর্শ

যে হোটেলে উঠেছি সেখান থেকে দশ মিনিট হাঁটলেই যাওয়া যায় সম্মেলনকেন্দ্রে। কিন্তু সম্মেলনকেন্দ্র এতটাই বিশাল যে কেবল হাঁটতেই হয়। অবশ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল। তবে আজ মঙ্গলবার ছিল এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেটি শেষ করে লম্বা হাঁটা দিয়ে তবেই পৌঁছাতে হলো মিডিয়া সেন্টারে।

আজ অবশ্য আরেক আকর্ষণ ছিলেন মাইকেল ক্রেমার। ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পাওয়া এই অর্থনীতিবিদ এবারের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের মূল বক্তা। মনে করিয়ে দিই, মাইকেল ক্রেমারের সঙ্গে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন অভিজিৎ বন্দোপাধ্যায় ও এসথার দুফলো।

২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ী মাইকেল ক্রেমার
ছবি: প্রথম আলো

মাইকেল ক্রেমার মিডিয়া সেন্টারে এসেছিলেন বেলা দেড়টায়। অবশ্য আগে থেকেই জানানো ছিল যে তিনি সংবাদ সম্মেলন করবেন। এ জন্য আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়। যদিও কেউ আর রেজিস্ট্রেশনের খোঁজখবর নেননি। সময় ছিল সব মিলিয়ে এক ঘণ্টা। তবে প্রায় আধ ঘণ্টা নিয়ে নিয়েছেন দোভাষী নিজেই। উত্তরের প্রতিটি কোরিয়ান ভাষায় বুঝিয়ে বলতে হয়েছে।

কথাবার্তা বেশির ভাগই হয়েছে কোরিয়ার অর্থনীতি নিয়ে। কোরিয়ার জন্মহার মারাত্মকভাবে কমে যাচ্ছে। বিশ্বের সর্বনিম্ন জন্মহার দক্ষিণ কোরিয়ার। একদিকে সন্তান নিতে চাচ্ছেন না দম্পতিরা, অন্যদিকে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। এই পরিস্থিতির একটা সমাধান দিয়েছেন মাইকেল ক্রেমার। তিনি কোরিয়ায় অভিবাসী শ্রমিক নেওয়ার পরিমাণ বাড়াতে বলেছেন। এতে শিশু ও বয়স্কদের দেখাশোনা করার মানুষের অভাব মিটবে এবং কোরিয়ার উচ্চ দক্ষতাসম্পন্ন মেয়েরা বেশি করে শ্রমবাজারে ঢুকতে পারবেন, এতে অর্থনীতির প্রবৃদ্ধিও বাড়বে, কর আদায়ও বৃদ্ধি পাবে।

এডিবি সম্মেলনের মিডিয়া সেন্টার
ছবি: প্রথম আলো

তিনি বেশি করে চিকিৎসক, নার্স ও সেবাদানকারী শ্রমশক্তি নেওয়ার কথাই বলেছেন। এ জন্য কোরিয়াকে তার অভিবাসন নীতি বদলাতে হবে। হংকং ও সিঙ্গাপুর এ ক্ষেত্রে বড় উদাহরণ। প্রশ্ন হচ্ছে কোরিয়া কি এই পথে হাঁটবে?

এর বাইরে মাইকেল ক্রেমার যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যে সংরক্ষণবাদ নীতিরও সমালোচনা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, চরম ঠান্ডা যুদ্ধের সময়েই চিকেন পক্স দূর করতে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন একযোগে কাজ করেছিল। সুতরাং এবারও জলবায়ু পরিবর্তন ও ভবিষ্যৎ মহামারি থেকে বাঁচতে সবাই একযোগে কাজ করতে পারে।