‘তৈরি পোশাকশিল্পের পথচলা সহজ করে দিয়েছিলেন খালেদা জিয়া’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে বিজিএমইএর সাবেক ও বর্তমানের নেতাদের পাশাপাশি সাধারণ সদস্যরা অংশ নেন। আজ সোমবার বিকেলে ঢাকার উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামেছবি: বিজিএমইএর সৌজন্যে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে তৈরি পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু হিসেবে অভিহিত করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান।

সেলিম রহমান বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন আমাদের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু। নব্বইয়ের দশকের শুরুতে যখন এই শিল্প শৈশব পার করছিল, তখন তিনি বড় বড় সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে আমাদের পথচলা সহজ করে দিয়েছিলেন।’ তিনি জানান, বেগম খালেদা জিয়ার সরকারের সময়পর্বে তৈরি পোশাক রপ্তানি প্রথমবারের মতো ১ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে বিজিএমইএ আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান। আজ সোমবার বিকেলে ঢাকার উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সেলিম রহমান বলেন, ‘২০০৪ সালে কোটাপ্রথা বিলুপ্তির সংকটময় সময়ে বেগম খালেদা জিয়া “জাতীয় কো-অর্ডিনেশন কমিটি” গঠন করে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। যার ফলে আমাদের তৈরি পোশাকশিল্প আজ বিশ্ববাজারে শক্তিশালী অবস্থানে রয়েছে। বিজিএমইএর ওপর আস্থা রেখে তিনি ইউডি ও ইউপি দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন, যা ব্যবসার গতি বহুগুণ বাড়িয়ে দেয়। মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন, ব্যবসা পরিচালনা ব্যয় কমানো, ব্যবসা সহজীকরণ এবং নারীশিক্ষায় উপবৃত্তি চালুর মাধ্যমে তিনি এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন।’

শোকসভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, মিজানুর রহমান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, মো. হাসিব উদ্দিন, মোহাম্মদ আবদুস সালাম, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, ফাহিমা আক্তার, মজুমদার আরিফুর রহমান, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, এ বি এম সামছুদ্দিন, মোহাম্মদ সোহেল, সামিহা আজিম প্রমুখ। বিজিএমইএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শোকসভার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান ও বিজিএমইএর পরিচালক রশিদ আহমেদ হোসাইনী।

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর ভিত্তি করে একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।