সংকটে খোলাবাজারে ডলারের দাম ১২৭ টাকা উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন ডলার
ছবি: সংগৃহীত

দেশের মুদ্রাবাজারে চরম অস্থিরতা চলছে। তীব্র সংকটের কারণে ব্যাংকের বাইরে খোলাবাজারে মার্কিন ডলারের দাম প্রতিনিয়ত বাড়ছে। প্রতি ডলার এখন রীতিমতো ১২৭ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ডলার–সংকটের পাশাপাশি মুদ্রাবাজারে অন্যান্য বৈদেশিক মুদ্রারও সংকট তৈরি হয়েছে। যে কারণে সেসব মুদ্রার দাম বেড়েছে।

বৃহস্পতিবার খোলাবাজারে ডলার ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণ ক্রেতারা ব্যাংক থেকে ডলার কিনতে পারছেন না। ব্যাংক থেকে ডলার না পাওয়ার কারণে তাঁরা যান খোলাবাজারে। এই চাহিদার সুযোগে ডলারের দাম দফায় দফায় বাড়ছে। তাতে বাড়তি দামে ডলার কিনতে হচ্ছে তাঁদের। চলতি সপ্তাহের শুরুতে খোলাবাজারে প্রতি ডলারের দাম ছিল ১২১ থেকে ১২২ টাকা। গত দু-তিন দিনের ব্যবধানে সেই দাম বেড়ে এখন ১২৬ টাকা ৫০ পয়সা থেকে ১২৭ টাকায় উঠেছে।

ব্যাংকগুলোয় বর্তমানে প্রতি ডলারের বিক্রয়মূল্য ১১৪ টাকা, আর ক্রয়মূল্য ১১৩ টাকা। কিন্তু ব্যাংকগুলো ডলার দিচ্ছেও না, কিনতেও পারছে না। কারণ, খোলাবাজারে ডলার বিক্রি করলে ভালো দাম পাওয়ায় প্রবাসী ও বিদেশফেরত ব্যক্তিরা সেদিকেই ঝুঁকছেন। কারণ, তাঁরা এখন প্রতি ডলারে ১২৬ টাকা পাচ্ছেন।

মতিঝিলের খোলাবাজারের ডলার বিক্রেতা মো. শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, ‘আজকে (বৃহস্পতিবার) ডলার কিনেছি ১২৬ টাকায়। বিক্রি করেছি ১২৬ টাকা ৫০ পয়সায়। ডলারের দাম প্রতিদিনই বাড়ছে।’

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চিকিৎসার জন্য প্রতি মাসে বিপুলসংখ্যক বাংলাদেশি ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে যান। প্রচুর শিক্ষার্থীও বিদেশে পড়াশোনার জন্য যান। আর পর্যটনের জন্যও ভ্রমণপিপাসুরা এখন বিশ্বের নানা প্রান্তে ছুটছেন। এসব গ্রাহক খোলাবাজার থেকে ডলার কিনে থাকেন।

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ কে এম ইসমাইল হক প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী আমাদের ডলার কিনতে হবে ১১৩ টাকা ৫০ পয়সায়। আর বিক্রি করতে হবে ১১৫ টাকায়। কিন্তু এই দামে ডলার কেনা যায় না, বিক্রিও হয় না। ফলে মুদ্রা বিনিময়কারী কোনো প্রতিষ্ঠানের কাছে ডলার নেই। ব্যবসাটা ধ্বংসের মুখে।’ তিনি আরও জানান, ডলার ছাড়া অন্যান্য মুদ্রারও দাম বেড়েছে।

নগদ ডলারের পাশাপাশি অনেকে বিদেশে গিয়ে কার্ডেও ডলার খরচ করে থাকেন। সাম্প্রতিক সময়ে দেশে ডলার–সংকটের কারণে নগদ ডলারের পরিবর্তে কার্ডের মাধ্যমে ডলার খরচের প্রবণতা বেড়েছে। কার্ডের মাধ্যমে খরচ করলে ব্যাংকগুলো প্রতি ডলারের দাম রাখে ১১৪ টাকা।