আবাসন খাতে আস্থা ও স্থায়িত্বের প্রতীক এসইএল
দেশের আবাসন খাত বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, সময়মতো প্রকল্প হস্তান্তরের অনিশ্চয়তা ও মানসম্পন্ন নির্মাণ নিয়ে ক্রেতাদের উদ্বেগ দিন দিন বাড়ছে। এমন বাস্তবতায় নীতি, সততা ও গুণগত মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চার দশকের বেশি সময় ধরে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)।
প্রতিষ্ঠানটির দাবি, বাজারে প্রচলিত অতিরঞ্জিত প্রচারণা বা ‘পুশ সেল’-এর পরিবর্তে এসইএল বরাবরই পণ্যের মান ও গ্রাহক সন্তুষ্টিকেই ব্যবসার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। এই মূল্যবোধের ধারাবাহিক প্রয়োগই প্রতিষ্ঠানটিকে দেশের আবাসন খাতে একটি নির্ভরযোগ্য অবস্থানে নিয়ে এসেছে।
এসইএলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুল আউয়াল ১৯৭৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৮৩ সালে অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেন। পরবর্তী সময়ে ১৯৮৭ সালে প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। শুরুতে সেতু, হাসপাতালসহ বিভিন্ন বৃহৎ সরকারি অবকাঠামো নির্মাণে সফলতা অর্জনের পর ১৯৯৫ সালে আবাসন খাতে যাত্রা শুরু করে এসইএল।
প্রতিষ্ঠানটি সফলভাবে ২৭৫টি আবাসন প্রকল্প সম্পন্ন করেছে। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় আরও ৫৩টি প্রকল্পের নির্মাণকাজ চলমান। আন্তর্জাতিকভাবে স্বীকৃত টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম) নীতিমালা অনুসরণ করে এসইএল প্রতিটি প্রকল্পে গুণগত মান নিশ্চিত করে আসছে। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মতে, এই মাননির্ভর ব্যবস্থাপনাই দীর্ঘমেয়াদি সাফল্য ও গ্রাহক আস্থার অন্যতম ভিত্তি।
এসইএল সর্বাধিক গুরুত্ব দেয় ভবনের কাঠামোগত নিরাপত্তা, প্রকৌশলগত নির্ভুলতা ও দীর্ঘস্থায়িত্বকে। প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহ ভূমিকম্প-সহনশীল ভবন নকশা এবং এর বাস্তব প্রয়োগে গবেষণা ও নেতৃত্ব দিয়ে আসছেন। ফলে এসইএলের নির্মিত ভবনগুলো নিরাপত্তা ও স্থায়িত্বের দিক থেকে উচ্চমান বজায় রাখছে।
এসইএল নির্মাণের প্রতিটি ধাপে গুণগত মান নিশ্চিত করতে নিজস্ব ‘এসইএল রেডি মিক্স অ্যান্ড কংক্রিট প্রোডাক্টস’ ইউনিট থেকে উন্নত মানের কংক্রিট সরবরাহ করা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব ‘এসইএল কংক্রিট ব্লক’ উৎপাদন করছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুল আউয়াল বলেন, ‘একটি ভবন শুধু ইট, বালু ও সিমেন্টের সমন্বয় নয়; এটি মানুষের স্বপ্ন, নিরাপত্তা ও ভবিষ্যতের ঠিকানা। তাই আমরা কখনো গুণগত মান, নৈতিকতা কিংবা গ্রাহকের আস্থার সঙ্গে আপস করিনি। আমাদের প্রতিটি প্রকল্পে নিরাপদ নির্মাণ, সময়মতো হস্তান্তর এবং দীর্ঘস্থায়ী মান নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিই।’