ইউসিবি থেকে ২৫ লাখ টাকা ঋণ পাবেন পরিবেশবান্ধব উদ্যোক্তারা
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। দেশেও গরমের সময় তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে। যদিও এই প্রভাব বৈশ্বিক। তবে বর্তমানে অনেক তরুণ উদ্যোক্তা পরিবেশ রক্ষার দায়বদ্ধতা থেকে পরিবেশবান্ধব ব্যবসা বা ‘গ্রিন এন্টারপ্রেনিউরশিপ’ শুরু করেছে। রাস্তার পাশে দোকানে প্লাস্টিকের কাপের পরিবর্তে কাগজের কাপে দিয়ে চা পরিবেশন হয়, যা পরিবেশবান্ধব।
এ ছাড়া পরিবেশবান্ধব শিল্প রপ্তানিমুখী হওয়ায় এর চাহিদাও বাড়ছে। পরিবেশবান্ধব ব্যবসা এখন আর শুধু লাভের বিষয় নয়। এটি সামাজিক দায়বদ্ধতার অংশ হয়ে উঠেছে। তাই পরিবেশবান্ধব নানা উদ্যোগে ঋণ দেয় দেশের বেসরকারি খাতের ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
এই ঋণ দেওয়ার জন্য ব্যাংকটির রয়েছে ‘ইউসিবি সবুজ সমৃদ্ধি’ নামে আলাদা সেবা। এই সেবার মাধ্যমে ২ লাখ টাকা থেকে ২৫ লাখ টাকা ঋণসুবিধা পাওয়া যাবে। শুধু পরিবেশবান্ধব উদ্যোক্তাদের জন্য এই অর্থায়ন সুবিধা।
সবুজ সমৃদ্ধিতে কী সেবা আছে
মূলত পরিবেশবান্ধব ব্যবসা সম্প্রসারণে এই ঋণসুবিধা চালু করেছে ইউসিবি ব্যাংক। ইউসিবি সবুজ সমৃদ্ধি নামে এই ঋণ টার্ম লোন বা নির্দিষ্ট মেয়াদি ঋণ। এই ঋণ নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, রিসাইক্লিং (পুনর্ব্যবহার), পরিবেশবান্ধব স্থাপনা, জ্বালানি ও পানিসাশ্রয়ী উদ্যোগসহ টেকসই প্রকল্পে অর্থায়ন করা হবে। তবে ব্যাংকটির দাবি, এটি দেশের প্রথম গ্রিন ফাইন্যান্স বা সবুজ অর্থায়ন পণ্য সেবা। ব্যাংকটির ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ইউসিবি ব্যাংকের ওয়েবসাইট সূত্রে আরও জানা যায়, কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশগত টেকসই উন্নয়নকে উৎসাহিত করাই এ ঋণসুবিধার মূল লক্ষ্য। এই সেবার মাধ্যমে ঋণের পরিমাণ ২ লাখ থেকে ২৫ লাখ টাকা। এই ঋণ মাসিক কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে। আর ঋণ পরিশোধের মেয়াদ এক থেকে তিন বছর। এর জন্য কোনো ধরনের জামানত প্রয়োজন হয় না।
ইউসিবি সবুজ সমৃদ্ধি সেবার আওতায় এই ঋণ উৎপাদন, বাণিজ্য, সেবা, নন-ফার্ম ও কৃষিভিত্তিক—এ ধরনের যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠান যারা পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করতে আগ্রহী, তারাও ঋণের জন্য আবেদন করতে পারবে।
ঋণ নিতে কী লাগবে
এই ঋণ নিতে হলে সেই প্রতিষ্ঠানটি একক মালিকানা, অংশীদারি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি লিমিটেড হতে হবে। ব্যবসার বয়স কমপক্ষে এক বছর হতে হবে। এ ছাড়া উদ্যোক্তার বয়স হতে ২১ থেকে ৬৫ বছরের মধ্যে।
এ ছাড়া ঋণ আবেদনের জন্য গ্রাহকের ইউসিবি ব্যাংকের হিসাব থাকতে হবে। এ ছাড়া থাকতে হবে ব্যবসার বৈধ নিবন্ধন (ট্রেড লাইসেন্স)। আর যেহেতু এই ঋণে জামানত নেই, তাই কোনো সম্পত্তি দেখাতে হবে না। এ ছাড়া ব্যাংকের শাখা অনুযায়ী ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যবসার বিবরণ ও গ্রাহকের পরিচয়সহ অন্যান্য আনুষ্ঠানিক তথ্য চাওয়া হতে পারে।