অনলাইনে ঈদের কেনাকাটায় ঠকতে না চাইলে সর্তক থাকবেন কীভাবে
ঈদের আগে শপিং মল ও বাজারে ভিড় এড়াতে অনেকেই এখন অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটা করেন। এটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আত্মীয়স্বজনকে ঘরে বসেই উপহার পাঠাতেও অনলাইন বেচাকেনার প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করেন অনেকে।
তাই ঈদ-পার্বণে বিভিন্ন ই-কমার্স সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ উপলক্ষে নানা ধরনের ছাড়ের বিজ্ঞাপনও দেখা যায়। তবে সব অফার যে লাভজনক, তা নয়। ঠকে যাওয়ার শঙ্কাও আছে। তাই অনলাইনে কেনাকাটা করার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।
এখানে অনলাইনে ঈদের কেনাকাটার আগে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা তুলে ধরা হলো—
১. নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম বেছে নিন
পরিচিত ও বিশ্বাসযোগ্য ই-কমার্স ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের কাছ থেকে কেনাকাটা করা ভালো। নতুন বা অচেনা পেজ থেকে কেনার আগে তাদের সম্পর্কে খোঁজ নেওয়া উচিত। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে রিভিউ দেখে নেওয়া দরকার।
২. পণ্যের বিবরণ ভালো করে পড়ুন
পণ্যের ছবি দেখে সিদ্ধান্ত না নিয়ে বিস্তারিত বিবরণ, উপাদান, সাইজ ও শর্তগুলো ভালো করে পড়ে নিন। তারপর হাতে পাওয়ার তা বুঝে নিন।
৩. গ্রাহক পর্যালোচনা দেখুন
একই পণ্য আগে যাঁরা কিনেছেন, তাঁদের মন্তব্য বা রেটিং থাকলে তা দেখে নেওয়া ভালো। এতে পণ্যের মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখন যাঁরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করেন, তাঁদের রিভিউ দেখেই সিদ্ধান্ত নেন।
৪. দামের তুলনা করুন
একই পণ্য বিভিন্ন প্ল্যাটফর্মে ভিন্ন দামে পাওয়া যেতে পারে। কয়েকটি সাইটে দাম তুলনা করলে সাশ্রয় সম্ভব। এমনকি শপিং মলে বা বিপণিবিতানে দাম কত, তা–ও যাচাই করে নিতে পারেন।
৫. ডেলিভারি চার্জ হিসাব করুন
পণ্য অর্ডার করার আগে ডেলিভারি চার্জ জেনে নেবেন। কারণ, অনেক সময় পণ্যের দাম কম হলেও ডেলিভারি চার্জ বেশি হয়। তাই মোট খরচ কত হবে, তা আগে থেকেই দেখে নেওয়া দরকার।
৬. পণ্য ফেরত বা মূল্য ফেরতের নীতি জানুন
হাতে পাওয়া পণ্যটি অন্যলাইনে যে বিবরণী দেওয়া ছিল, তা মিলছে না। সে ক্ষেত্রে রিফান্ড পলিসি কী হবে, তা–ও জানা প্রয়োজন। পণ্য পছন্দ না হলে বা ত্রুটি থাকলে ফেরত দেওয়ার সুযোগ আছে কি না, এ বিষয়ে আগে নিশ্চিত হওয়া জরুরি।
৭. অগ্রিম টাকা দিতে সতর্ক থাকুন
অপরিচিত বিক্রেতার ক্ষেত্রে পুরো টাকা আগাম পরিশোধ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। সম্ভব হলে নিরাপদ পেমেন্ট পদ্ধতি ব্যবহার করুন। এতে ঠকে যাওয়ার আশঙ্কা কম থাকে।
৮. অতিরিক্ত ছাড়ের ফাঁদে পড়বেন না
অস্বাভাবিক কম দামের অফার অনেক সময় প্রতারণার ইঙ্গিত হতে পারে। তাই অফার দেখেই সিদ্ধান্ত না নেওয়া ভালো।
৯. ডেলিভারির সময় যাচাই করুন
ঈদের আগে পণ্য হাতে পাওয়ার সময়টি নিশ্চিত করা জরুরি। অনেক সময় দেরিতে ডেলিভারি হলে কেনাকাটার উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়।
১০. ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন
পেমেন্ট বা ডেলিভারির সময় প্রয়োজনের অতিরিক্ত ব্যক্তিগত তথ্য শেয়ার না করাই নিরাপদ।