সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাবের নমিনি মানেই পুরো টাকার মালিক নন, উত্তরাধিকারেরা কী করবেন

সঞ্চয়পত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্চয়পত্রের নমিনি, দ্বিতীয় বিয়ে, প্রথম সংসারের সন্তান—এ তিন বিষয় কীভাবে একটি পরিবারের সম্পত্তি নিয়ে দীর্ঘ আইনি বিরোধ তৈরি করে, তার বাস্তব উদাহরণ বাংলাদেশ ব্যাংকের সাবেক উপপরিচালক মো. শহীদুল হক চৌধুরী। মৃত্যুর পর তাঁর ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের উত্তরাধিকার নিয়ে বিরোধ তৈরি হয়। ১০ বছরের বেশি আগের ঘটনা এটি।

এক ছেলে ও দুই মেয়ে রেখে মারা গিয়েছিলেন শহীদুল হক। দ্বিতীয় স্ত্রী বিলকিস আরা বেগমকে তিনি সঞ্চয়পত্রের ১০০ শতাংশের নমিনি করেছিলেন। বাবার মৃত্যুর পর প্রথম সংসারের সন্তানেরা দাবি করেন তাঁরা ৩০ লাখ টাকা থেকে ২৬ লাখ ২৫ হাজার টাকার উত্তরাধিকার। বাকি ৩ লাখ ৭৫ হাজার পাবেন দ্বিতীয় স্ত্রী। কিন্তু দ্বিতীয় স্ত্রী দাবি করেন, তিনি একমাত্র নমিনি হওয়ায় পুরো ৩০ লাখ টাকার মালিক। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী নিয়মও তা–ই। ফলে নিম্ন আদালত দ্বিতীয় স্ত্রীর পক্ষে রায় দেন।

পরে সন্তানেরা হাইকোর্টে যান। ২০১৬ সালের ৩ এপ্রিল বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ রায় দেন যে নমিনি হচ্ছেন প্রকৃত মালিকদের অর্থের জিম্মাদার। তিনি টাকা তুলতে পারবেন, কিন্তু পুরো টাকার মালিক হবেন না। তিনি বরং প্রকৃত উত্তরাধিকারীদের কাছে তাঁদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেবেন।

মোস্তাফিজুর রহমানের ঘটনাটি তুলনামূলক নতুন মামলা। ব্যাংক হিসাব খোলার সময় তিনি নমিনি করেছিলেন স্ত্রীর বোনকে। তাঁর ব্যাংকে জমা ছিল মোট ১৬ লাখ ৮৯ হাজার ৯১৮ টাকা। তাঁর মৃত্যুর পর স্ত্রী ও অন্য উত্তরাধিকারীরা ওই অর্থের মালিকানা দাবি করেন। তাঁদের বক্তব্য ছিল, তাঁরা আইনগত উত্তরাধিকারী। তাই নমিনি হিসেবে একজন ব্যক্তি পুরো টাকা নিতে পারেন না। নমিনি দাবি করেন, ব্যাংক কোম্পানি আইনের ১০৩ ধারা অনুযায়ী তিনি টাকা তোলার অধিকারী। ২০২১ সালে ঢাকার আদালতে মামলা হয়। ২০২২ সালে নিম্ন আদালত নমিনির আবেদন খারিজ করেন। ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি এস এম এমদাদুল হক রায় দেন। এ আদালতও নমিনির আবেদন খারিজ করে দেন।

বিচারপতি এস এম এমদাদুল হক তাঁর রায়ে বলেন, নমিনি দাবি করলেই উত্তরাধিকারীদের মামলা খারিজ হয়ে যায় না। এ বিষয়ে সাক্ষ্য-প্রমাণ নিয়ে বিচারিক আদালতকে সিদ্ধান্ত দিতে হবে। ব্যাংক কোম্পানি আইনের ১০৩ ধারার বিষয়টিও বিচারিক আদালতকে বিবেচনায় নিতে হবে। হাইকোর্ট ওই রায়ে নমিনিই চূড়ান্ত মালিক, কিংবা উত্তরাধিকারীরাই সরাসরি মালিক—এমন কোনো চূড়ান্ত ঘোষণা দেননি। বরং মামলাটি সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

পাপলু মোল্লার ব্যাংক আমানত নিয়ে আপিল বিভাগে মামলার ঘটনাও আরেকটি উদাহরণ। মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংকের একটি শাখায় পাপলু মোল্লার ৫ লাখ ২৫ হাজার টাকা জমা ছিল। তাঁর মৃত্যুর পর ওই টাকা নিয়ে উত্তরাধিকারীদের মধ্যে বিরোধ দেখা দেয়। মৃত ব্যক্তির স্ত্রী আরিফিন নাহার পুতুল ব্যাংক থেকে টাকা তুলতে গেলে ব্যাংক তাঁকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। উত্তরাধিকারীরা অর্থের মালিকানা দাবি করে আদালতে যান।

নিম্ন আদালত ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর পাপলু মোল্লার উত্তরাধিকারীদের পক্ষে রায় দেন। ২০১৮ সালে হাইকোর্টও নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখেন। পরে মৃত ব্যক্তির বাবা খলিল মোল্লা ও এক ছেলে, যাঁরা নমিনি ছিলেন, আপিলের অনুমতি চান। ২০২১ সালের ৪ মার্চ আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ বহাল রাখেন এবং নমিনিদের আপিল করার অনুমতি দেন। মাত্র ৫ লাখ ২৫ হাজার টাকা নিয়ে বছরের পর বছর মামলা চলেছে। ব্যাংক আমানতের নমিনি নিয়ে বিরোধ যে কতটা দীর্ঘ হতে পারে, তার উদাহরণ।

তিনটি ঘটনা তিনটি উদাহরণ মাত্র। বাস্তবে সঞ্চয়পত্র কেনার সময় ও ব্যাংকে হিসাব খোলার সময় নমিনি নির্ধারণকে অনেকে আনুষ্ঠানিকতা মনে করেন। কিন্তু গ্রাহকের মৃত্যুর পর এই নমিনিই পাওনা টাকা গ্রহণ করতে পারেন। নমিনি পরিবর্তন, তাঁর মৃত্যু কিংবা উত্তরাধিকারীদের দাবি নিয়ে তৈরি হতে পারে আইনি জটিলতা। তাই নমিনি করার আগে কয়েকটি বিষয় জেনে নেওয়া জরুরি।

সঞ্চয়পত্র

সঞ্চয়পত্রের নমিনি নির্ধারণ নিয়ে বিতর্ক দীর্ঘ বছরের। তবে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর প্রণীত সরকারি ঋণ আইনে সঞ্চয়পত্রের নমিনি নিয়োগ এবং গ্রাহকের মৃত্যুর পর অর্থ পরিশোধের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। আইনে বলা হয়েছে, সঞ্চয়পত্রের গ্রাহক তাঁর মৃত্যুর পর পাওনা অর্থ গ্রহণের জন্য এক বা একাধিক ব্যক্তিকে নমিনি করতে পারবেন। গ্রাহকের মৃত্যুর পর মনোনয়ন কার্যকর থাকলে নমিনিই সঞ্চয়পত্রের পাওনা অর্থ পাবেন। তবে এ অর্থ পাওয়ার অধিকার এবং উত্তরাধিকারীদের আইনসম্মত দাবির বিষয়টি উপেক্ষা করার বিষয় নয়।

সরকারি ঋণ আইন, ২০২২-এর ১৮ ধারার ১ উপধারায় বলা হয়েছে, সঞ্চয়পত্রের গ্রাহক নমিনি মনোনীত করে মারা গেলে এবং মৃত্যুর পর সেই মনোনয়ন কার্যকর থাকলে নমিনি সঞ্চয়পত্রের অর্থ পাবেন। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটেও বলা হয়েছে, গ্রাহকের মৃত্যুর পর নমিনি চাইলে সঙ্গে সঙ্গে সঞ্চয়পত্র নগদায়ন করে টাকা তুলতে পারবেন। আবার নমিনি চাইলে মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত বিনিয়োগ চালু রেখে নিয়ম অনুযায়ী মাসে মাসে মুনাফাও তুলতে পারবেন। তবে সঞ্চয়পত্রের মেয়াদ ও সংশ্লিষ্ট স্কিমের শর্ত মেনে অর্থ উত্তোলন করতে হবে। শুধু গ্রাহকের মৃত্যু হয়েছে বলে মেয়াদপূর্তির আগেই সব ধরনের সঞ্চয়পত্র নগদায়ন করা যাবে—এমন নয়।

এদিক আইনের ১৮ ধারার ৫ উপধারায় বলা হয়েছে, নমিনিকে অর্থ পরিশোধ করা হলেও অন্য কোনো ব্যক্তির আইনসম্মত অধিকার বা দাবি ক্ষুণ্ন হবে না। অর্থাৎ নমিনি টাকা গ্রহণ করতে পারবেন, কিন্তু এ কারণে উত্তরাধিকারীদের আইনসম্মত দাবি স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে না।

ধরা যাক, একজন ব্যক্তি দ্বিতীয় স্ত্রীকে নমিনি করেছেন। কিন্তু প্রথম স্ত্রীর ঘরের সন্তানও রয়েছে। গ্রাহকের মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী নমিনি হিসেবে সঞ্চয়পত্রের অর্থ গ্রহণ করতে পারবেন। তবে উত্তরাধিকারীদের আইনসম্মত কোনো দাবি থাকলে তা আলাদাভাবে বিবেচনার সুযোগ রয়েছে। এ কারণে নমিনি নিয়োগের সময় পারিবারিক সম্পর্ক ও ভবিষ্যৎ বিরোধের বিষয়টি মাথায় রাখা প্রয়োজন।

সঞ্চয়পত্র কেনার সময় নমিনি নির্ধারণ তাই কেবল একটি ফরম পূরণের বিষয় নয়। গ্রাহকের মৃত্যুর পর জমানো অর্থ কীভাবে এবং কার মাধ্যমে পরিবারের কাছে পৌঁছাবে, তার সঙ্গে এটি সরাসরি জড়িত। তাই নমিনি করার সময় যেমন সতর্ক হওয়া দরকার, তেমনি জীবদ্দশায় প্রয়োজন অনুযায়ী সেই তথ্য পরিবর্তন ও হালনাগাদ করা জরুরি।

নমিনি পরিবর্তন ও বাতিল করা যায়

সঞ্চয়পত্র কেনার সময় যাঁকে নমিনি করা হয়েছে, তাঁকেই আজীবন বহাল রাখতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নিয়ম অনুযায়ী নমিনি নিয়োগ, পরিবর্তন, নতুন নমিনি সংযোজন ও বাতিল করা যায়।

কেউ সঞ্চয়পত্র কেনার সময় তাঁর স্ত্রীকে নমিনি করেছিলেন। পরে তাঁদের বিচ্ছেদ হয়েছে। অথবা আগে নমিনি করা ব্যক্তির মৃত্যু হয়েছে। এসব ক্ষেত্রে গ্রাহক জীবিত থাকতেই নমিনি পরিবর্তন বা বাতিলের আবেদন করতে পারবেন। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ১৮ জানুয়ারি ২০২২ তারিখের একটি নোটিশে (বর্তমানেও বহাল) নমিনি পরিবর্তন, সংযোজন ও বাতিলের সুযোগের কথা বলা হয়েছে। এ জন্য নির্ধারিত আবেদনপত্র রয়েছে।

তবে গ্রাহক মারা যাওয়ার পর নমিনি নিজে থেকে অন্য কাউকে নতুন নমিনি করতে পারবেন না। নমিনি পরিবর্তনের অধিকার মূল গ্রাহকের। তাই জীবদ্দশায় নমিনির তথ্য হালনাগাদ রাখা জরুরি।

অপ্রাপ্তবয়স্ক সন্তানকে নমিনি

অনেক মা-বাবা তাঁদের অপ্রাপ্তবয়স্ক সন্তানকে সঞ্চয়পত্রের নমিনি করেন। কিন্তু গ্রাহকের মৃত্যুর পর সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাঁর পক্ষে কে টাকা গ্রহণ করবেন, সেটি গুরুত্বপূর্ণ।

সরকারি ঋণ আইন, ২০২২-এর ১৭ ধারার ৪ উপধারায় এ বিষয়ে বিধান রয়েছে। বলা হয়েছে, নমিনি অপ্রাপ্তবয়স্ক হলে গ্রাহক নমিনি নিয়োগের সময়ই তাঁর পক্ষে অর্থ গ্রহণ ও উত্তোলনের জন্য একজন ব্যক্তিকে নিয়োগ করতে পারবেন। গ্রাহকের মৃত্যুর পর ওই ব্যক্তি নমিনির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

আইনের ১৮ ধারার ২ উপধারায়ও বলা হয়েছে, এভাবে নিয়োগ করা ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক নমিনির পক্ষে অর্থ পাবেন। এমন ব্যক্তি নিয়োগ করা না থাকলে অপ্রাপ্তবয়স্কের আইনগত অভিভাবক অর্থ গ্রহণ করবেন।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটে অপ্রাপ্তবয়স্ক নমিনির জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিয়োগের আলাদা আবেদনপত্রও রয়েছে। তাই শুধু সন্তানের নাম নমিনি হিসেবে লিখে রাখলেই দায়িত্ব শেষ হয় না। তাঁর পক্ষে কে অর্থ গ্রহণ করবেন, সেটিও নির্ধারণ করে রাখা ভালো।

একাধিক নমিনি থাকলে কী হবে

একাধিক ব্যক্তিকে নমিনি করার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে তাঁদের প্রত্যেকের নাম ও প্রাপ্য অংশ সঠিকভাবে উল্লেখ করা উচিত। আইনের ১৮ ধারার ৩ উপধারায় বলা হয়েছে, একাধিক নমিনির মধ্যে কেউ মারা গেলে জীবিত নমিনি বা নমিনিরা সঞ্চয়পত্রের স্বত্বাধিকারী হিসেবে বিবেচিত হবেন এবং তাঁরাই অর্থ পাবেন।

অন্যদিকে, ১৭ ধারার ২ উপধারায় বলা হয়েছে, একক নমিনি অথবা একাধিক নমিনির সবাই মারা গেলে আগের মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। এ কারণে নমিনি একাধিক হলেও তাঁদের জীবিত থাকা, পরিচয় ও প্রয়োজনীয় তথ্য নিয়মিত হালনাগাদ করা দরকার।

নমিনি না থাকলে কী করবেন

সঞ্চয়পত্রের গ্রাহক নমিনি না করে মারা গেলে কিংবা সব নমিনির মৃত্যু হলে উত্তরাধিকারীদের বিষয়টি সামনে আসে। এ ক্ষেত্রে উত্তরাধিকার নির্ধারণের জন্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সরকারি ঋণ আইন, ২০২২-এর ১৪ ধারায় মৃত গ্রাহকের উত্তরাধিকারী ও সম্পত্তির প্রশাসকের বিষয়ে বিধান রয়েছে।

বিদ্যমান উত্তরাধিকার আইন, ১৯২৫-এর দশম খণ্ড অনুযায়ী উত্তরাধিকার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। তবে ১৬ ধারায় এক লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সঞ্চয়পত্রের গ্রাহকের মৃত্যুর ছয় মাসের মধ্যে উইল, সম্পত্তির পক্ষে আবেদন অথবা উত্তরাধিকার সনদ দাখিল না করা হলে জাতীয় সঞ্চয় অধিদপ্তর প্রয়োজনীয় তদন্ত ও বিবেচনার ভিত্তিতে মালিকানা বা সম্পত্তি ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। এ ছাড়া সঞ্চয়পত্রের মালিকানা নিয়ে একাধিক পক্ষের দাবি উঠলে সরকারি ঋণ আইনের ২১ ধারায় শুনানি ও তদন্তের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির বিধান রয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র কোথায় পাবেন

গ্রাহকের মৃত্যুর পর নমিনি বা উত্তরাধিকারীদের আবেদন করতে হয় সংশ্লিষ্ট সঞ্চয়পত্র ইস্যুকারী প্রতিষ্ঠানে। আবেদন ও কাগজপত্রের ধরন পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরে কয়েক ধরনের আবেদনপত্রের উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে—সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর কারণে আবেদন, নমিনি পরিবর্তনের আবেদন, নমিনির ব্যাংক হিসাব পরিবর্তনের আবেদন, নমিনির স্বাক্ষর সত্যায়নের সনদ, তদন্ত ফরম, অপ্রাপ্তবয়স্ক নমিনির পক্ষে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিয়োগের আবেদন।

নমিনি থাকলে সাধারণত নমিনির আবেদন, মূল গ্রাহকের মৃত্যুসনদ, পরিচয়পত্র এবং ব্যাংক হিসাবের তথ্য প্রয়োজন হয়। তবে সংশ্লিষ্ট দপ্তর পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত কাগজপত্রও চাইতে পারে। অন্যদিকে নমিনি না থাকলে বা উত্তরাধিকার নিয়ে বিরোধ দেখা দিলে উত্তরাধিকার সনদ, মৃত্যুসনদ এবং আদালতের প্রয়োজনীয় আদেশ বা অন্যান্য প্রমাণপত্র লাগতে পারে।

ব্যাংক

ব্যাংক হিসাবের নমিনি হলেই কি আমানতকারীর মৃত্যুর পর জমা টাকা নিজের হয়ে যায়? নাকি সেই টাকা আইন অনুযায়ী উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করে দিতে হয়? ব্যাংক কোম্পানি আইন, উচ্চ আদালতের রায় ও উত্তরাধিকার আইনের মধ্যে এ নিয়ে জটিলতা রয়েছে। বিষয়টি বুঝতে কয়েকটি আইনি দিক জানা জরুরি।

ব্যাংকের দিক থেকে নমিনি হলেন সেই ব্যক্তি, যাঁকে একজন আমানতকারী তাঁর মৃত্যুর পর ব্যাংকে জমা টাকা গ্রহণের জন্য মনোনীত করেন। সঞ্চয়পত্রের মতো ব্যাংক হিসাব খোলার সময় একজন বা একাধিক ব্যক্তিকে নমিনি করা যায়। একাধিক নমিনি থাকলে কে কত শতাংশ অর্থ পাবেন, সেটিও নির্ধারণ করা যায়।

অন্যদিকে উত্তরাধিকারী হলেন সেই ব্যক্তি, যিনি মৃত ব্যক্তির সম্পত্তি প্রচলিত উত্তরাধিকার আইন অনুযায়ী পাওয়ার অধিকারী। ধর্ম ও প্রযোজ্য ব্যক্তিগত আইন অনুযায়ী উত্তরাধিকারীদের পরিচয় এবং সম্পত্তির ভাগ নির্ধারিত হয়। তাই নমিনি ও উত্তরাধিকারী একই ব্যক্তি হতে পারেন, আবার আলাদা ব্যক্তিও হতে পারেন। যেমন কোনো ব্যক্তি তাঁর ব্যাংক হিসাবের নমিনি করলেন নিজের বোনকে। কিন্তু মৃত্যুর পর তাঁর স্ত্রী, সন্তান ও অন্য উত্তরাধিকারীরাও সম্পত্তির ভাগ পাওয়ার অধিকারী হতে পারেন। প্রশ্ন হচ্ছে নমিনি কি শুধু ব্যাংক থেকে টাকা গ্রহণ করবেন, নাকি সেই টাকার মালিকও হবেন?

ব্যাংক কোম্পানি আইনে কী বলা আছে

ব্যাংক হিসাবের নমিনি নির্ধারণ ও মৃত আমানতকারীর টাকা পরিশোধের বিষয়টি নিয়ন্ত্রণ করে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১০৩ ধারা। এই ধারার ৩ উপধারায় বলা হয়েছে, আমানতকারীর মৃত্যুর পর তাঁর মনোনীত ব্যক্তি আমানতের বিষয়ে আমানতকারীর যাবতীয় অধিকার লাভ করবেন এবং অন্য ব্যক্তিরা ওই অধিকার থেকে বঞ্চিত হবেন। অর্থাৎ ব্যাংকের কাছে নমিনিই টাকা গ্রহণের অধিকারী। এ ক্ষেত্রে ব্যাংক সাধারণত উত্তরাধিকারীদের খুঁজে বের করে টাকা ভাগ করে দেওয়ার দায়িত্ব নেয় না।

তবে একই ধারার ৪ উপধারায় একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেখানে বলা হয়েছে, এই ধারার বিধান অনুযায়ী ব্যাংক টাকা পরিশোধ করলে আমানতসংক্রান্ত দায় থেকে ব্যাংক অব্যাহতি পাবে। কিন্তু যাঁকে টাকা দেওয়া হয়েছে, তাঁর বিরুদ্ধে অন্য কোনো ব্যক্তির অধিকার বা দাবি থাকলে তা নষ্ট হবে না। অর্থাৎ ব্যাংক নমিনিকে টাকা দিয়ে দায়মুক্ত হতে পারে। কিন্তু উত্তরাধিকারীদের আইনগত দাবি থাকলে তাঁরা নমিনির বিরুদ্ধে সেই দাবি তুলতে পারবেন।

নমিনি করার আগে যা ভাববেন

বিষয়টি তিনভাবে বোঝা যেতে পারে।

১. ব্যাংকের কাছ থেকে টাকা গ্রহণ: বৈধভাবে মনোনীত ব্যক্তি ব্যাংক কোম্পানি আইনের ১০৩ ধারা অনুযায়ী ব্যাংকের কাছে টাকা দাবি করতে পারেন। প্রয়োজনীয় পরিচয় ও কাগজপত্র যাচাই করে ব্যাংক তাঁকে টাকা দিতে পারে।

২. টাকার ওপর চূড়ান্ত অধিকার: নমিনি উত্তরাধিকারী না হলে তিনি টাকা গ্রহণ করলেই যে উত্তরাধিকারীদের দাবি শেষ হয়ে যাবে, তা নয়। উত্তরাধিকারীরা তাঁদের প্রাপ্য অংশ দাবি করতে পারেন।

৩. বিরোধ হলে: নমিনি টাকা দিতে অস্বীকার করলে উত্তরাধিকারীরা আদালতের আশ্রয় নিতে পারেন। আদালত প্রযোজ্য উত্তরাধিকার আইন ও মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত দেবেন।

ব্যাংক হিসাব খোলার সময় নমিনি নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে শুধু নমিনি করলেই উত্তরাধিকারসংক্রান্ত সব জটিলতা মিটে যায় না। নমিনি হিসেবে কাকে রাখছেন, তা ভেবেচিন্তে ঠিক করুন। বিয়ে, সন্তান জন্ম বা পারিবারিক পরিস্থিতির পরিবর্তন হলে নমিনি হালনাগাদ করুন। একাধিক নমিনি থাকলে তাঁদের অংশের হার স্পষ্ট করে দিন। নমিনিকে ব্যাংক হিসাবের তথ্য জানিয়ে রাখুন। পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাব ও নমিনি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানিয়ে রাখুন।