ঈদের কেনাকাটায় এক লাখ টাকা পুরস্কারসহ বিদেশ ভ্রমণের সুযোগ, আর কী আছে

মাস্টারকার্ড এবং ভিসা কার্ডছবি: সংগৃহীত

দেশে পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের খরচ বেড়ে যায়। ঈদের পোশাকসহ নানা ধরনের কেনাকাটায় বেশি খরচ হয়। তাই বিভিন্ন ব্যাংক তাদের কার্ডধারী ব্যক্তিদের বিভিন্ন সেবা দেয়। পাশাপাশি বৈশ্বিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ড তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন অফার নিয়ে এসেছে।

ঈদকে কেন্দ্র করে ভিসা কার্ডে ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ও ‘ট্রানজ্যাক্ট অ্যান্ড উইন’ দুটি প্রচারণা শুরু হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত এই প্রচারণা চলবে। স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইনের আওতায় ভিসা কার্ডধারী পুরস্কার বিজয়ীরা লন্ডন, ইস্তাম্বুল, তুরস্ক, সিঙ্গাপুর, মালদ্বীপ ও থাইল্যান্ড মোট ছয়টি আলাদা আলাদা দেশে সম্পূর্ণ খরচসহ ভ্রমণের পুরো খরচ পাবেন। বিজয়ীরা তাঁদের সঙ্গে চাইলে আরেকজন সফরসঙ্গী নিতে পারবেন।

আর বৈশ্বিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড রমজান ও ঈদ উপলক্ষে ‘উৎসব আনন্দে পেমেন্ট এক ট্যাপে’ ক্যাম্পেইন শুরু করেছে। ক্যাম্পেইন চলার সময় মাস্টারকার্ডের মাধ্যমে সর্বোচ্চ মোট খরচ করা কার্ডধারী ব্যক্তিরা এক লাখ টাকা মূল্যের হোম অ্যাপ্লায়েন্স ভাউচার পাবেন।

ভিসা কার্ডে আরও যা অফার রয়েছে

ভিসা কার্ডের মাধ্যমে মোট খরচের ওপর ভিত্তি করে স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইনে পুরস্কার দেওয়া হবে। বিদেশ ভ্রমণের পাশাপাশি এই ক্যাম্পেইনের আওতায় ৯ জন বিজয়ী আইফোন, স্মার্ট টিভি, স্বর্ণালংকারের ভাউচার, লাইফস্টাইল গিফট ভাউচার ও গ্রোসারি গিফট ভাউচার মোট ৫টি ক্যাটাগরিতে পুরস্কার পাবেন। ভিসা কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি লেনদেন করা প্রথম ৫০ জন এই পুরস্কার পাবেন। তবে এই হিসেবে এটিএম থেকে টাকা উত্তোলনে ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে অর্থ লেনদেনের হিসাবে যোগ হবে না।

আর ট্রানজ্যাক্ট অ্যান্ড উইন ক্যাম্পেইন চলাকালে ২০টি বা তার বেশি লেনদেন সম্পন্ন করলে পাওয়া যাবে ২০০ টাকা মূল্যের ভাউচার। এ ছাড়া বিভিন্ন হোটেল ও ট্রাভেলে এজেন্সি ১০ থেকে ৫৫ শতাংশ ছাড় রয়েছে। আর স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন হাসপাতালে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এ ছাড়া কেনাকাটায় নির্দিষ্ট মার্চেন্ট ও ব্র্যান্ডে ৫০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে, আবার ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ আছে। দেশে ব্যাংকগুলো থেকে ইস্যুকৃত বৈধ ভিসা ডেবিট, প্রিপেইড বা ক্রেডিট কার্ডধারী ব্যক্তিরা এতে অংশ নিতে পারবেন।

ভিসার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা গ্রাহকদের দৈনন্দিন ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত ও আনন্দময় করতে চাই। ভ্রমণ প্যাকেজ, স্মার্টফোন, লাইফস্টাইল, জুয়েলারি, গ্রোসারিসহ বিভিন্ন ধরনের ভাউচার পুরস্কার প্রদানের মাধ্যমে আমরা কার্ড ব্যবহারে উৎসাহ দিচ্ছি। এতে দেশের ডিজিটাল পেমেন্টকে আরও বিস্তৃত হবে।’

মাস্টারকার্ডে যেসব অফার রয়েছে

সম্প্রতি রমজান ও ঈদ উপলক্ষে ‘মাস্টারকার্ডের উৎসব আনন্দে পেমেন্ট এক ট্যাপে’ ক্যাম্পেইনের অংশ হিসেবে আটটি সুপারশপ চেইনে এই ক্যাম্পেইন চালু করা হয়েছে। এই সুপারশপগুলো হলো স্বপ্ন, ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার, ল্যাভেন্ডার, প্রিন্স বাজার, ডেইলি শপিং ও আলফামার্ট। ২০ মার্চ পর্যন্ত চলা এই অফারে মাস্টারকার্ড ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারী ব্যক্তিরা অংশ নিতে পারবেন।

ক্যাম্পেইন চলাকালে কার্ডধারীরা এক লাখ টাকা মূল্যের হোম অ্যাপ্লায়েন্স ভাউচারের সঙ্গে প্রতিটি পার্টনার সুপারশপ থেকে একাধিক বিজয়ী নির্বাচন করা হবে। এ ছাড়া নির্দিষ্ট ৫০টি লাইফস্টাইল ব্র্যান্ডে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে ব্লুচিজ, টুয়েলভ ক্লোদিং, কে ক্র্যাফট, অ্যাস্টোরিয়ন, ডিমান্ড, স্কেচার্স, স্পার্ক গিয়ার, কিউরিয়াস, ভাইব্র্যান্ট, মিরর, প্রেম’স কালেকশনসহ আরও অনেক ব্র্যান্ড।

এ ছাড়া সিক্স সিজন, লেকশোর হাইটস, দ্য জাবির ঢাকা, দ্য ওয়ে ঢাকা, বেস্ট ওয়েস্টার্ন ম্যাপল লিফ, হোটেল সারিনা, হানসাসহ প্রায় ৫০টি পার্টনার রেস্টুরেন্টে ইফতার ও ডিনারে রয়েছে ‘বাই ওয়ান গেট আপ টু ৪’ অফার। এ ছাড়া আন্তর্জাতিক ট্রাভেল প্যাকেজে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। যার মধ্যে রয়েছে শেয়ারট্রিপ, হেরিটেজ রিসোর্ট, বে ওয়াচ, বেস্ট ওয়েস্টার্ন বে হিলস, দুসাই, ড্রিম স্কয়ার, সারা রিসোর্ট।

এ ছাড়া ১ থেকে ১৪ মার্চ পর্যন্ত চলবে ‘১৪ দিনে-১৪ লাখ’ শীর্ষক আরেকটি ক্যাম্পেইন। এ সময়ে মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে লাইফস্টাইলে ব্র্যান্ড কেনাকাটা করলে ১৪ দিনে সর্বোচ্চ খরচ করা গ্রাহকের ১৪ জনকে ১ লাখ টাকা মূল্যের গ্যাজেট ও হোম অ্যাপ্লায়েন্স ভাউচার দেওয়া হবে।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘রমজানে কেনাকাটার পাশাপাশি রেস্তোরাঁয় ইফতার করার প্রবণতা বাড়ে। আর ঈদকে ঘিরে লাইফস্টাইল বেড়ে যায় ও ভ্রমণের প্রস্তুতিও শুরু হয়। তাই মাস্টারকার্ডও এই উৎসবকালীন চাহিদাকে সামনে রেখে এসব ঈদ ক্যাম্পেইন সাজিয়েছি, যা দৈনন্দিন লেনদেনকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলেছে।’